কোহলি এখনই তিন সংস্করণে নয়!

‘তাহলে অবসর কবে নিচ্ছেন?’
প্রশ্নটা যেন মহেন্দ্র সিং ধোনির পিছু ছাড়ছে না। সংবাদ সম্মেলনে নিয়মিতই এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ককে। অবসরের প্রসঙ্গটা আরও একবার শুনতে হচ্ছে ধোনিকে। তবে সাংবাদিক নয়, এবার প্রসঙ্গটা এনেছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের অন্যতম সফল সাবেক অধিনায়ক অবশ্য ভিন্ন প্রসঙ্গে এনেছেন প্রশ্নটা, ৩৪ বছর বয়সী ধোনি অবসরে গেলে সীমিত ওভারের ম্যাচে ভারতের অধিনায়ক হবেন কে?
একদিক থেকে ভাবলে উত্তরটা খুবই সহজ। হাতের কাছে বিরাট কোহলি তো আছেনই। এরই মধ্যে টেস্টে দলের নেতৃত্ব পেয়ে গেছেন, ধোনি চলে গেলে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক তো তিনিই হবেন। তবে এই ধারণার সঙ্গে একমত নন সুনীল গাভাস্কার। এখনই তিন ধরনের ক্রিকেটে ২৭ বছর বয়সী ব্যাটসম্যানকে ভারতের অধিনায়ক দেখতে চাইছেন না ভারতের ব্যাটিং কিংবদন্তি।
কোহলির অধিনায়কত্বের প্রসঙ্গটা আসছে দুদিন আগে সৌরভ গাঙ্গুলীর করা প্রশ্নের কারণে। ‘দাদা’ ভারতের নির্বাচকদের কাছে প্রশ্ন করেছিলেন আগামী বিশ্বকাপে দলের অধিনায়ক নিয়ে, ‘চার বছর পরও ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তারা কি ধোনিকেই দেখছেন? তখনো এই ধোনিই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন? যদি না হয়, ধোনির বিকল্প তৈরির ব্যাপারে তারা কী করছেন?’
কারও কারও কাছে বিকল্প হিসেবে এখনই প্রস্তুত কোহলি। ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন, দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে। তবে গাভাস্কার এত তাড়াহুড়ো করার কোনো কারণই দেখছেন না। ভারতীয় একটি টিভি চ্যানেলে সাবেক ব্যাটসম্যান বলেছেন, ‘সব সংস্করণের ক্রিকেটে বিরাটকে অধিনায়ক করতে তাড়াহুড়ো করা উচিত হবে না। ওকে নিজের দায়িত্বটা আরেকটু বুঝে নিতে দিন...২০১৯ বিশ্বকাপ তো এখনও বহু দূর।’
অবশ্য টেস্টে অধিনায়ক কোহলির পারফরম্যান্স বলে তিনি বেশ দ্রুতই শিখছেন। ব্যাট হাতে নিজে দলকে টেনে নিয়ে যাচ্ছেন, নিজের আগ্রাসী মানসিকতা দিয়েও দলকে বদলে দিচ্ছেন কোহলি। গাভাস্কারও সেটির প্রশংসা করে বলেছেন, ‘প্রতি মুহূর্তেই আগের চেয়ে ভালো করছে কোহলি। ধারাবাহিকতার বিচারে সম্ভবত ও-ই এখন বিশ্বের সেরা। মানসিক শক্তি, ধৈর্য সবই অবিশ্বাস্য। মাঠেও তার মনোভাব বেশ ভালো। টেস্টে অধিনায়ক হিসেবে ওর রেকর্ডও খারাপ নয়।’
সিদ্ধান্তটা শেষ পর্যন্ত তাই কার কাঁধে ছেড়ে দিচ্ছেন গাভাস্কার? সেই মহেন্দ্র সিং ধোনির! তিনি যখন অবসর নেওয়া উচিত বলে ভাববেন, তখনই যেন নিজ হাতে দায়িত্বটা কোহলির হাতে তুলে দিয়ে যান।
আবারও তো সেই অবসর ভাবনার কথাই শুনতে হলো ধোনিকে। সূত্র: এনডিটিভি।