গত তিন ধরে ফতুল্লা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। প্রতিদিনই মাঠে এসেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, দেখেছেন উইকেটের প্রস্তুতি। অথচ কাল কিনা সংবাদ সম্মেলনে চোখ কপালে তুলে বলে দিলেন, এমন কাটা-ঘাসের উইকেট জীবনে দেখেননি!
‘কাটা ঘাসের উইকেট’ মানে হলো ঘাসবিহীন উইকেটে বাইরের কাটা ঘাস এনে রোল করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। প্রচণ্ড গরম পড়ছে এখন। রোদের তাপে উইকেট যেন দ্রুত ভেঙে না যায়, সে জন্যই এই ব্যবস্থা। উদ্দেশ্যটা বুঝতে পারছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচও, ‘আমার ধারণা গরমের কথা মাথায় রেখে এটা করা হয়েছে। কাটা ঘাস হয়তো উইকেটে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।’
এটুকু বুঝলেও এ ধরনের উইকেটে কী করতে হবে, সেটা বুঝতে যেন দিশা হারিয়ে ফেলছেন হাথুরুসিংহে! বারবার বোঝাতে চাইলেন, উইকেট তাঁর কাছে কতটা দুর্বোধ্য, ‘এই উইকেট বোঝা খুব কঠিন, এ রকম উইকেট আমি জীবনে দেখিনি। উইকেট দেখে কেবল একটা কথাই বলতে পারছি—এটা পেসারদের স্বর্গ হবে না।’
উইকেট দর্শনের বর্ণনাতে ফতুল্লার ২২ গজ নিয়ে ফুটে উঠেছে তাঁর আরও অসন্তুষ্টি, ‘উইকেটে হয় ঘাস থাকবে, নয়তো থাকবে না। কিন্তু এখানে দেখলাম উইকেটের ওপর প্রচুর কাটা ঘাস। এই উইকেট কেমন আচরণ করবে, সেটা অনুমানও করতে পারছি না। এটা আমার জন্য নতুন, হয়তো অন্যদের জন্যও।’
হাথুরুসিংহে যেমন শ্রীলঙ্কান, ফতুল্লার উইকেট যিনি বানিয়েছেন, বিসিবির সেই প্রধান কিউরেটর গামিনি ডি সিলভাও শ্রীলঙ্কান। দুজনের মধ্যে গত তিন দিনই আলোচনা হতে দেখা গেছে ফতুল্লায়। উইকেটের ধরনে নতুনত্ব থাকলেও সেটা কি এত দিনে জেনে যাওয়ার কথা নয় কোচের! যোগাযোগ বিভ্রাটটা যে কোথায় হলো, সেটা এক রহস্যই।
কোচের কথার সুর অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠেও। বাংলাদেশে টেস্টের উইকেটে সাধারণত ঘাস দেখা যায় না। ফতুল্লার উইকেটের কাটা ঘাস সে জন্যই তাঁকে দ্বিধায় ফেলে দিচ্ছে, ‘এখানে যে ঘাস আছে, সেটা পাঁচ দিন থাকবে কি না বা কতটা প্রভাব ফেলবে, এ বিষয়টা আমার জন্যও নতুন। স্বাভাবিকভাবে এখানকার উইকেট ব্যাটিং-সহায়ক হওয়ার কথা। একইভাবে স্পিনারদেরও প্রথম দিন থেকেই সাহায্য পাওয়ার কথা।’
উইকেট নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও কোচের মতো চোখ কপালে তুলছেন না অধিনায়ক। অভিযোগের চেয়ে ভালো খেলার প্রতিজ্ঞাই বেশি জোরালো তাঁর কণ্ঠে, ‘উইকেট সব সময়ই আমাদের সাহায্য করবে, ব্যাপারটা সে রকম নয়। আমরা আশা করি, কিন্তু সব সময় তা হয় না। আমাদের দায়িত্ব ভালো খেলা। আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি।’
ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের মূল লক্ষ্য ড্র। টিম ম্যানেজমেন্ট থেকে কিউরেটরের কাছে তাই ব্যাটিং-সহায়ক উইকেটই চাওয়া হয়েছিল। প্রখর রোদে দ্বিতীয়-তৃতীয় দিন থেকে উইকেট ভাঙা শুরু করলে তা নিশ্চয়ই আর ব্যাটিং-সহায়ক থাকবে না। উইকেটের এই ফাটল রোধেই কাটা ঘাস ছিটানো। তারপরও কোচ কেন উইকেট নিয়ে অমন প্রতিক্রিয়া দিলেন, সেটাতে বিস্মিত কিউরেটর থেকে শুরু করে দলসংশ্লিষ্ট অনেকেই। তা ছাড়া ভারত থেকে উড়ে আসা বিরাট কোহলি কাল প্রথম দর্শনেই বললেন, উইকেটটা তাঁর চেনা!
দুপুরে অনুশীলন করতে এসে সংবাদ সম্মেলনে যাওয়ার পথেই উইকেট দেখে নিয়েছিলেন কোহলি। উইকেট নিয়ে বাংলাদেশ কোচের যতই দুশ্চিন্তা থাকুক, ভারত অধিনায়কের কাছে এটা যেন ‘হোম গ্রাউন্ড’-এর উইকেটের মতোই। ফতুল্লার উইকেটে ভিন্ন কিছু দেখেছেন কি না জানতে চাইলে বললেন, ‘সেরকম কিছু নয়। বাংলাদেশের সব জায়গার উইকেট প্রায় একই ধরনের। মাটিতে কোনো ভিন্নতা নেই। বাংলাদেশে আমরা অনেক ম্যাচ খেলেছি। কাজেই প্রস্তুতিতেও আলাদা কিছু করার প্রয়োজন নেই।’
যে উইকেট বিরাট কোহলি চিনলেন, সেটা চিনলেন না চন্ডিকা হাথুরুসিংহে!