কোহলি বনাম ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুখী পরিবার’-এ ভাঙনের সুর! ফাইল ছবি
‘সুখী পরিবার’-এ ভাঙনের সুর! ফাইল ছবি

যা রটে, তার কিছু তো বটেই। গত কদিন ধরে তবলার তুকতাকের মতো বাজছিল গুঞ্জনটি—বিবাদ দেখা দিয়েছে ভারতীয় সাজঘরে। ক্রমেই যেন সেটি ঢাকের আওয়াজ হয়ে বাজতে শুরু করেছে চারদিকে। দুদিন আগেই বিরাট কোহলি সরাসরি নাম না বললেও প্রশ্নবিদ্ধ করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কিছু সিদ্ধান্তে। এখন মিলছে বিবাদের আরও কিছু খবর।

এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া। কোহলি প্রকাশ্যেই জানিয়েছেন বর্তমান দলের পরিচালক রবি শাস্ত্রীর মেয়াদ যেন বাড়ানো হয়। কিন্তু ধোনি চান নতুন কোচ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে কোহলি ও শাস্ত্রী চেয়েছিলেন পেস বোলিংয়ে জোর দিতে। তবে ধোনি তা চাননি। ভারতের ওয়ানডে অধিনায়ক খুব একটা সন্তুষ্ট ছিলেন না দলের পেসারদের ওপর। ধোনির সিদ্ধান্তে কিছু খেলোয়াড় ভীষণ অনিশ্চয়তায় ভুগেছেন।
এর আগে কোহলি শুধু সিদ্ধান্ত নিয়ে নয়, ধোনি খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটাও বের করে আনতে পারেননি—পরোক্ষে এমন অভিযোগও তুলেছিলেন। তৃতীয় ওয়ানডের আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে খোলাখুলিই বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলের টেস্ট অধিনায়ক।
এ থেকেই ইঙ্গিত মেলে ধোনির অনেক সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছেন না কোহলি। চাইলে একে মতের ‘অমিল’ও বলতে পারেন। তবে বিষয়টি নাকি ‘বিবাদ’-এর দিকেই রূপ নিচ্ছে। এ কারণেই দলের দ্বৈত অধিনায়কত্বের সুফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞও।
দলের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, সমস্যা ছিল দলের একাদশ নির্বাচন নিয়েও। ওই সূত্র বলেছে, ‘নিশ্চয় দেখেছেন কীভাবে কিছু খেলোয়াড় একাদশে নিয়মিত সুযোগ পেয়েছে। আবার কিছু খেলোয়াড় দীর্ঘদিন পর সুযোগ পেয়ে দ্রুত ছিটকে গিয়েছে। প্রত্যেক খেলোয়াড়ের ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত ছিল।’ রবীন্দ্র জাদেজার প্রতি ধোনির বাড়তি আনুকূল্য আর অজিঙ্কা রাহানেকে এক ম্যাচ খেলেই ছেঁটে ফেলার দিকেই ইঙ্গিত।
এ ছাড়া দলের খেলোয়াড়দের নিয়ে ধোনির প্রকাশ্যে সমালোচনাও দলে অস্বস্তিকর আবহাওয়ঢা তৈরি করেছে। দ্বিতীয় ম্যাচে রাহানে বাদ দেওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ধোনি বলেছিলেন, ‘গতিময় উইকেটে রাহানে অনেক ভালো খেলে। কিন্তু মন্থর গতির উইকেটে নিজের ইনিংসের শুরুতে ইচ্ছেমতো স্ট্রাইক রেট বাড়িয়ে নিতে পারে না।’
বাংলাদেশের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি উমেশ যাদবও। ডানহাতি এ পেসারকে এক ম্যাচে বসিয়ে রাখার পেছনে ধোনির ব্যাখ্যা ছিল, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে দ্রুত গতির বোলার প্রয়োজন নাকি, নাকি দ্রুত গতির না হলেও ঠিক লাইন ও লেন্থে বল করতে পারে এমন বোলার।’
ধোনির এসব ছোটো খাটো মন্তব্যও ভারতীয় সাজঘরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলেই অভিমত অনেকের। অধিনায়ক হিসেবে ধোনির উচিত ছিল তাঁর খেলোয়াড়দের আগলে রাখা। তা না করে উল্টো ভারতীয় মিডিয়ার মুখে ঠেলে দিয়েছেন। খেলোয়াড়রাও একাদশে জায়গা নিয়ে অনিশ্চয়তায় ভুগেছে। তার ছাপ ছিল খেলায়।
এটি এখন মোটামুটি স্পষ্ট, ভারতীয় দলে একটি অংশ ধোনির অনুগত, আরেকটি অংশ কোহলির। যদিও বিসিসিআইয়ের পরামর্শক কমিটির অন্যতম সদস্য ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, কোনো সিরিজে দল খারাপ করলে এ ধরনের খবর দিয়ে পত্রিকাগুলো পাতা ভরায়। এসব নতুন কিছু নয়।