কোহলি যখন দেবদাস!

আনুশকা শর্মার সঙ্গে দীর্ঘদিনের প্রেমময় সম্পর্কটা ভেঙে গেছে দিন তিনেক আগে। প্রেমিকার বিরহে কি একটু বেশিই কাতর হয়ে পড়েছেন বিরাট কোহলি? শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে খেলছেন না। অবশ্য আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টির আগে দলের সেরা ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত আগেই হয়েছিল। কিন্তু এই ছুটিটাই যে ‘অসহনীয়’ হয়ে এল কোহলির কাছে!
খেলায় ব্যস্ত থাকলে হৃদয়ের ক্ষতে তবু প্রলেপ দেওয়ার সুযোগ মিলত। কিন্তু অখণ্ড অবসর যে বিরহ যন্ত্রণা শতগুণ বাড়িয়ে দেয়। কোহিলও যেন ঠিক কী করবেন, বুঝে উঠতে পারছেন না। দেবদাসের মতো বিরহ-কাতর এক প্রেমিক হিসেবেই দেখা দিচ্ছেন। সম্পর্ক ছিন্ন হওয়ার ঠিক পরের দিনই এক পার্টিতে গিয়ে মন খুলে নেচেছেন। আর আজ? মানসিকভাবে কোহলি সম্পূর্ণ বিপরীত!
ইনস্টাগ্রামে ‘হার্টব্রোকেন’ লিখে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন ২৬ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। কী মনে করে কিছুক্ষণ পর সেটি মুছেও ফেললেন। কিন্তু এরপর আবার একই ছবি, একই ক্যাপশনসহ রি-পোস্ট করলেন ভারতের টেস্ট অধিনায়ক। একবার পোস্ট করলেন, একবার মুছে ফেললেন, আবারও পোস্ট! বিরহ যে মানুষের মনের ভেতরের অবুঝ শিশুটিকেই বের করে আনে!
দুজনের কেউই এখনো কিছু জানাননি, তবে ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোহলি ও আনুশকার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। গুঞ্জন আছে, ভারতীয় ব্যাটসম্যান এখনই আনুশকার আঙুলে আংটি পরিয়ে দিতে চাইছিলেন। কিন্তু ক্যারিয়ারের কথা ভেবে ঠিক এখনই রাজি হচ্ছিলেন না আনুশকা। এই নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলাপ-আলোচনা শেষে দুজনের দুটি পথ দুটি দিকে গেল বেঁকে।
আনুশকার ওপর এই সিদ্ধান্তের প্রভাব কী পড়েছে সেটি জানা যায়নি। তবে বিরহের শোকটা বোধ হয় কাটিয়ে উঠতে পারছেন না ‘ভগ্ন হৃদয়ে’র কোহলি। কিছুটা যেন অস্থির হয়ে পড়েছেন। ইনস্টাগ্রামের এই পোস্টই এর প্রমাণ।
অবশ্য কোহলির এই ‘পৌনঃপুনিক’ পোস্টের পেছনে তাঁর ভক্তদেরও হাত আছে। ইনস্টাগ্রামে পোস্টটা করার কিছুক্ষণ পরই সরিয়ে নিয়েছিলেন কোহলি, কিন্তু ততক্ষণে ভক্তদের কাছে ছড়িয়ে পড়েছিল তর্কসাপেক্ষে বর্তমান সময়ে ভারতের সেরা ব্যাটসম্যানের আবেগের খবর। সরানোর কিছুক্ষণ পর ভক্তদের ‘দাবির মুখে’ই আবার ছবিটি পুনরায় পোস্ট করতে বাধ্য হন কোহলি। নিজের ‘ভুল’ স্বীকার করে এবার লিখলেন, ‘মনে হচ্ছে যেন বড় একটা অপরাধ করে ফেলেছি। হা হা। দুঃখিত। ছবিটি আবারও দিলাম।’
ভারতীয় সমর্থকেরা হয়তো মনেপ্রাণে চাইছেন, বিশ্বকাপের আগেই কোহলির এই ‘দেবদাস’ অবস্থা থেকে মুক্তি মিলুক। এবার কোহলি তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান নারীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ভক্তদের। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে পোস্ট করে সেই কথাই লিখেছেন ভারতের টেস্ট অধিনায়ক। সূত্র: জি নিউজ।