কোহলি যেখানে ব্যর্থ
তাঁর ব্যাটের ভয়ে ত্রস্ত বিশ্বের তাবৎ বোলার। সেই বিরাট কোহলিই কিনা একটি জায়গায় একেবারেই ব্যর্থ। ‘পাস নম্বর’ নিয়েই টানাটানি! কোহলির সেই দুর্বলতা ডিআরএসে। বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ভালো কিছু রিভিউ নিয়েছিলেন। তবে এর আগে ইংল্যান্ড সিরিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টে রিভিউ নিয়ে খুব একটা হাসতে পারেননি ভারতের অধিনায়ক।
ডিআরএস ব্যবহার হয়েছে এমন সাতটি টেস্ট ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এই সাত ম্যাচে ৫৫টি রিভিউ নিয়েছে ভারত। সফল হয়েছে মাত্র ১৭টিতে। সফলতার হার মাত্র ৩০.৯ শতাংশ!
কিছু রিভিউতে ব্যর্থ হওয়ার দায় অবশ্য পুরো কোহলির নয়। অনেক সময় মাঠে বোলার বা উইকেটকিপারের চাপাচাপিতে রিভিউ নিয়ে নেন অধিনায়ক। আবার ব্যাটিং করার সময় ব্যাটসম্যান রিভিউ নেবে কি না, তা ঠিক করার ভার অধিনায়কের হাতে থাকে না। পুনে টেস্টে যেমন মুরালি বিজয় এবং কে এল রাহুল প্রথম ৬ ওভারের মধ্যেই দুটি রিভিউ নষ্ট করেছেন।
তবে তাতে কোহলির দায় কমছে না। ফিল্ডিংয়ের সময় নেওয়া রিভিউগুলোর ক্ষেত্রেই বেশি অসফল ভারত। ফিল্ডিংয়ের সময় নেওয়া ৪২টি রিভিউর মধ্যে মাত্র ১০টিতে সফল হয়েছে তারা। ব্যাটিংয়ের সময় নেওয়া তাদের ১৩টি রিভিউর ৭টিই ঠিক ছিল। ডেকান ক্রনিকলস।