কোহলি-রোহিতকে বাদ দিয়েই নামবে ভারত

করোনাকে বাড়ির বাইরে রাখতে দুই মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দী সবাই। তা করোনা তো আর মানুষ বেছে আসে না! ভারতীয় ক্রিকেট দলেরও তাই লকডাউনের আওতার বাইরে থাকার সুযোগ নেই।
তবে আস্তে আস্তে আবার মাঠে ফেরার চেষ্টা করছে ক্রিকেট-ফুটবলসহ অনেক খেলা। ইংল্যান্ডে ক্রিকেটাররা আগামী সপ্তাহ থেকে ব্যক্তিগতভাবে অনুশীলনে নামতে পারেন। ভারতীয় দলও আছে অনুশীলনে নামার পরিকল্পনায়। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভক্তদের জন্য ছোট্ট দুঃসংবাদ, ভারতীয় দল হয়তো অনুশীলনে নামবে অধিনায়ক কোহলি আর সহ-অধিনায়ক রোহিতকে ছাড়াই।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দেশজুড়ে লকডাউন কিছুটা শিথিল হতে থাকায় আগামী সপ্তাহ থেকে অনুশীলনে নামবে ভারতীয় দল। কিন্তু কোহলি ও রোহিত মুম্বাইয়ে থাকেন বলেই তাঁদের যোগ দেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। করোনা বেশ ভয়াল হয়ে দেখা দিয়েছে মুম্বাইয়ে, সেখানে লকডাউনের কড়াকড়ি শিথিল না-ও হতে পারে। সে ক্ষেত্রে কোহলি-রোহিতকে থাকতে হবে ঘরের ভেতরেই।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমালই এএফপিকে শঙ্কাটার কথা বলেছেন, 'কোহলি আর রোহিতের মতো খেলোয়াড়দের ব্যাপারে বলতে হচ্ছে, মুম্বাইয়ে তো লকডাউন এখনও আছে, আরও কিছুদিন থাকতে পারে।'
ধুমাল এ-ও জানিয়েছেন, লকডাউন শিথিল হলে খেলোয়াড়েরা দেশের বিভিন্ন স্টেডিয়ামে 'কিছু স্কিল অনুশীলনের জন্য' নামতে পারেন। পাশাপাশি জানালেন, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকে (এনসিএ) প্রস্তুত করা হচ্ছে, যাতে লকডাউনের পর খেলোয়াড়দের সেখানে নিয়ে ক্যাম্প করা যায়।
লকডাউনের সময় কীভাবে কী করছেন কোহলিরা, সেটিও জানা গেল ধুমালের কাছে, 'এখন পর্যন্ত লকডাউনের কারণে আমরা অ্যাপস আর অনলাইনে সব কাজ চালাচ্ছি। কোচ ও সহকারীরা নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছেন। সবাই মাঠে নামতে উন্মুখ। আমরা চাইছি, যখনই ক্রিকেট মাঠে ফেরানোর মতো অবস্থা তৈরি হয়, খেলোয়াড়েরা যেন শতভাগ দিতে প্রস্তুত থাকে।'