কোহলি সীমা ছাড়িয়েছেন, মনে করেন স্মিথ

খেলার ধরনে তিনি আক্রমণাত্মক। তেড়েফুঁড়ে খেলতে পছন্দ করেন। ব্যাটিংয়ের এই ধরনের মতো মাঠের আচরণেও কিছুটা উদ্ধত বিরাট কোহলি। ব্যাট হাতে ফিফটি-সেঞ্চুরি করার পর কিংবা ফিল্ডিংয়ের প্রতিপক্ষ কোনো ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর বুনো উল্লাস তাঁর খেলারই অংশ।
তবে এসব ক্ষেত্রে ঝামেলা যা হয়, ভারতের টেস্ট অধিনায়কের এমন আচরণ অন্য অনেকেই সহজে মেনে নিতে পারেন না। এই তালিকায় সর্বশেষ নাম স্টিভেন স্মিথ। প্রথম টি-টোয়েন্টিতে তিনি আউট হওয়ার পর কোহলির উদযাপন সীমা ছাড়িয়ে গেছে বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক।
পুরো ওয়ানডে সিরিজে ভারতকে ভুগিয়েছেন স্মিথ। টি-টোয়েন্টিতেও তাই তাঁকে তাড়াতাড়ি আউট করা ভারতের ম্যাচ পরিকল্পনার বড় অংশই হয়ে থাকার কথা। পরিকল্পনাটা কাজে লেগে গেল প্রথম ম্যাচে। মাত্র ২১ রান করেই রবীন্দ্র জাদেজার বলে কাভারে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন স্মিথ। ক্যাচ নিয়েছেন কে? কোহলি। ক্যাচ ধরেই স্মিথের দিকে হাতের আঙুলে একটা ভঙ্গি করলেন কোহলি, যার অর্থ অনেকে মনে করছেন, ‘কথা কম বলে তোমার ব্যাটিংয়ের দিকেই মনোযোগ দেওয়া উচিত।’
কোহলির উদযাপন নিয়েই যত প্রশ্ন। শটটি যখন খেলছিলেন স্মিথ, সে সময় তাঁর কানে ছিল মাইক্রোফোন। ওই ওভারে ম্যাচ সম্প্রচারক চ্যানেল নাইনের ধারাভাষ্যকারদের সঙ্গে মাইক্রোফোনে কথা বলছিলেন স্মিথ। কোহলির ইঙ্গিত সেদিকেই ছিল। আর এটিকে একটু বাড়াবাড়ি হিসেবেই দেখছেন স্মিথ। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে বললেন, ‘আমার মনে হয় না ব্যাটসম্যান আউট হয়ে গেলে কোনো ফিল্ডারের এমন আচরণ করা উচিত। মাঠে একটু-আধটু হাসি-ঠাট্টা হবেই। তবে কেউ আউট হয়ে যাওয়ার পর এমন কিছু করা ঠিক নয়। ও (কোহলি) আবেগী হয়ে পড়েছিল, তাই না?’
তবে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এটিকে অত গুরুত্বপূর্ণ কিছু ভাবছেন না। দুজনের মধ্যে ‘ব্যক্তিগত লড়াই’য়ের কারণেই কোহলি এমন উদযাপন করেছেন বলে মনে করছেন এই অফ স্পিনার। বরং কোহলির এই আক্রমণাত্মক মনোভাব ভারতের ড্রেসিং রুমের পরিবেশকে বদলে দিয়েছে বলে জানালেন অশ্বিন।
অবশ্য অস্ট্রেলিয়া সফরে উদ্ধত আচরণ এটাই প্রথম নয় কোহলির। এর আগে ওয়ানডে সিরিজেও জেমস ফকনারের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন ২৬ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। সূত্র: ক্রিকইনফো।