কোহলি 'সবার চেয়েই ভালো'

শচীন টেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনাটা চলছে বেশ কিছু দিন ধরেই। দুজনের মধ্যে কে সেরা, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত যেন তুলনাটা চলবেই। টেন্ডুলকারের সঙ্গে তুলনায় কোহলি নিজে বিব্রত হন। কিন্তু অনেকেই তাঁকে এখন টেন্ডুলকারের চেয়ে এগিয়ে রাখতে শুরু করেছেন। এই দলে যোগ দিয়েছেন ইমরান খানও। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘কোহলি সেরা যে কারোর চেয়েই।’ স্পষ্ট করেই বলেছেন, মানসিক দৃঢ়তায় টেন্ডুলকারের চেয়ে ঢের এগিয়ে আছেন কোহলি।
ইমরান অবশ্য শুরুতেই ব্যাখ্যা করে বলেছেন, ভিন্ন যুগের গ্রেটদের আলাদাভাবেই বিবেচনা করার পক্ষে তিনি, ‘ক্রিকেট খেলাটা বিভিন্ন যুগে বিভক্ত। আশির দশকে এই খেলার সেরা ব্যাটসম্যান ছিলেন ভিভিয়ান রিচার্ডস। নব্বইয়ের দশকে আমরা পেয়েছি ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারকে।’ এরপরই বলেছেন, ‘আমার দৃষ্টিতে কোহলি হচ্ছে পরিপূর্ণ একজন ব্যাটসম্যান। দুই পায়েই (ফ্রন্ট ও ব্যাক ফুট)। বিভিন্ন ভঙ্গিতে খেলতে পারে। সে নিজেকে পরিবর্তন করতে পারে পরিস্থিতি অনুযায়ী। মাঠের চতুর্দিকেই শট খেলতে পারে অনায়াসেই।’
কোহলির প্রতিভার পাশাপাশি ইমরানের দারুণ লাগে তাঁর মানসিকতা। কোহলির দৃঢ় মানসিকতার ব্যাপারটি মুগ্ধ চোখেই দেখেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ম্যাচের কঠিন পরিস্থিতিতে ব্যাট করায় কোহলি সবার চেয়ে ভালো বলেই মন্তব্য করেছেন ইমরান, ‘প্রতিভা কিংবা টেকনিকের বাইরে কোহলির মানসিক দৃঢ়তা কিন্তু দুর্দান্ত। কোহলি বেশির ভাগ সময়ই খারাপ পরিস্থিতি কিংবা কঠিন অবস্থায় দলকে জিতিয়ে নিয়ে ফেরে, টেন্ডুলকারের এই জায়গাটাতে একটু খামতি ছিল বলে আমার মনে হয়।’
ইমরান যোগ করেছেন, ‘আমি ব্যাটসম্যানদের বোলারদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, ভাবি কীভাবে তাদের আউট করা যায়। কিন্তু কোহলি কী কঠিন পরিস্থিতিতেই না ব্যাট করে! ও সবার চেয়ে সেরা। আমি তো বলব এখন সে-ই সেরা আন্তর্জাতিক ক্রিকেটার। যেকোনো ম্যাচে আপনি ওর ওপর বাজি ধরতে পারেন।’