কোহলিই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ালে নেতৃত্ব যে বিরাট কোহলির কাঁধেই উঠবে, তা বোঝা গিয়েছিল বিলক্ষণ। টেস্টে ধোনির শূন্য জায়গা আগেই পূরণ করেছেন। কাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুমিতভাবেই দুই সংস্করণেই অধিনায়ক করা হয়েছে কোহলিকে। গত বুধবার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো ধোনি অবশ্য দুটি দলেই আছেন।
অনেককে চমকে দিয়ে যুবরাজ সিংকে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরিয়ে এনেছেন নির্বাচকেরা। ৩৫ বছর বয়সী যুবরাজ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর এই সংস্করণে ভারতের হয়ে খেলেননি। ওয়ানডে খেলেননি ২০১৩ সালের ডিসেম্বরের পর থেকে। এরপরও তাঁকে সুযোগ দেওয়ার কারণ হতে পারে একটাই। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে ছিলেন দারুণ উজ্জ্বল। পাঞ্জাবের হয়ে পাঁচ ম্যাচে করেছেন ৮৪ গড়ে ৬৭২ রান।
চোটের কারণে কোনো দলেই নেই রোহিত শর্মা। তাঁর পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অজিঙ্কা রাহানে। টি-টোয়েন্টি দলে অবশ্য তরুণদের দিকেই নজর দিয়েছেন নির্বাচকেরা। আছেন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। একটি ট্রিপল সেঞ্চুরিসহ রঞ্জি ট্রফিতে ৮১ গড়ে ৯৭২ রান করেছেন তিনি। তরুণদের ভিড়েও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন সুরেশ রায়না। ক্রিকইনফো।