কোহলিই দ্রুততম আবার চতুর্থও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি টেস্টের প্রথম দিনে দারুণ দুটি মাইলফলকের দেখা পেলেন কোহলি। ছবি: এএফপি
দিল্লি টেস্টের প্রথম দিনে দারুণ দুটি মাইলফলকের দেখা পেলেন কোহলি। ছবি: এএফপি

দিল্লি টেস্টে মাঠে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে বিরাট কোহলির মোট রান ছিল ১৫ হাজার ৯৬১। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এ জন্য তাঁকে খেলতে হয়েছে মোট ৩৪৯ ইনিংস। আজ দিল্লি টেস্টের প্রথম দিনে ব্যাটিংয়ে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৩৫০তম ইনিংসে এসে ১৬ হাজার রান টপকে গেলেন কোহলি। তাঁর আগে আর কোনো ব্যাটসম্যানই এত দ্রুত মাইলফলকটি গড়তে পারেনি।

টস জিতে শ্রীলঙ্কাকে ফিল্ডিংয়ে পাঠান কোহলি। ২১তম ওভারে চেতেশ্বর পূজারা আউট হলে ব্যাটিংয়ে নামেন তিনি। ৩৪তম ওভারে পেরেরাকে বাউন্ডারি মেরে তিন ফরম্যাট মিলিয়ে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। শুধু তা-ই নয়, ব্যক্তিগত ২৫ রানে চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলকও টপকে যান কোহলি। ১১তম ভারতীয় হিসেবে টেস্টে এ মাইলফলক ছুঁতে ১০৫ ইনিংস লাগল কোহলির। এ পথে তিনি টপকে গেলেন রাহুল দ্রাবিড়কে। টেস্টে ১০৮তম ইনিংসে এসে ৫ হাজার রানের দেখা পেয়েছিলেন দ্রাবিড়।

টেস্টে দ্রুততম ভারতীয় হিসেবে ৫ হাজার রানের কীর্তি গড়েছিলেন সুনীল গাভাস্কার (৯৫তম ইনিংস)। ৯৮তম ইনিংসে এসে একই মাইলফলকের দেখা পেয়েছিলেন বীরেন্দর শেবাগ। শচীন টেন্ডুলকারের লেগেছিল ১০৩ ইনিংস। কোহলি তাঁর চেয়ে দুটি ইনিংস বেশি খেলে দেখা পেলেন মাইলফলকটির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২০৮ রান করেছে ভারত। ব্যাট করছিলেন কোহলি (৭৮*) এবং মুরালি বিজয় (৮১*)। সূত্র: ক্রিকইনফো