কোহলিকে আচরণ বদলাতে বললেন বয়কটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলির আবেগ নিয়ন্ত্রণের কথা বলেছেন বয়কট। ছবি: এএফপি
কোহলির আবেগ নিয়ন্ত্রণের কথা বলেছেন বয়কট। ছবি: এএফপি

উত্তেজনার খেলা ক্রিকেটে বাড়তি উত্তেজনার বারুদ ছড়াতে দিতে আক্রমণাত্মক হওয়ার কোন বিকল্প নেই। কিন্তু সেটা প্রায় সময়েই মাত্রাতিরিক্ত করে ফেলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তার আচরণে ক্ষুব্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিংবদন্তি ক্রিকেটারদের অনেকেই আছেন, যাঁরা কোহলির প্রতিভার গুণমুগ্ধ ভক্ত হলেও ব্যক্তিগত আচরণে বেশ বিরক্ত। বিষেণ সিং বেদী, স্টিভ ওয়াহসহ অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন আচরণ বদলাতে। এই দলে সর্বশেষ সংযোজন কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার জিওফ বয়কট।
পৃথিবীর যে জায়গাতেই খেলতে গেছেন, সেখানেই আগ্রাসী ক্রিকেট খেলতে চেয়েছেন কোহলি। এই আগ্রাসনই তাঁর ভালো ক্রিকেট খেলার পাথেয়—এ কথা বলেছেন অনেকবারই। কিন্তু বাড়াবাড়ির ব্যাপারটা কী কোহলি সব সময় মাথায় রাখেন? ভারতের সাবেক স্পিনার বিষেণ বেদীর অধিনায়কত্বের দোহাই দিয়েই কোহলিকে নিজের আচরণ বদলাতে বলেছেন। স্টিভ ওয়াহর মন্তব্যও ছিল অনেকটা এমনই। বয়কটও ঠিক একই রাস্তায় হেঁটেছেন। দলের অন্যান্য ক্রিকেটারদের সমর্থন জোগানোর কৌশল কোহলিকে খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন এই ইংলিশ ‘গ্রেট’।
গত বৃহস্পতিবার ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বয়কট বলেন, ‘খেলোয়াড়দের সমর্থন দেবার নতুন কৌশল বিরাট কোহলির নিজেকেই বের করতে হবে। তার এই খুঁজে বের করাটাই ভারতীয় দলকে সহায়তা করবে দারুণভাবে। আমার মতে এই কাজে কোহলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সে একজন অসাধারণ নেতা। ব্যক্তিগত আচরণের দিক দিয়েও ধোনি অন্যদের জন্য অনুকরণীয়।’
ধোনির কথা বয়কট কেন বলছেন, তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। বলেছেন, ধোনির সবচেয়ে বড় গুণ আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারা। কোহলির এখন কর্তব্য হবে ঠিক এটিই। আবেগকে নিয়ন্ত্রণে নিতে হবে। এই একটা ব্যাপার ওকে গ্রেটের পর্যায়ে নিয়ে যাবে। প্রতিভায় তো আর কোনো খামতি নেই তাঁর মধ্যে।’