কোহলিকে টুপিখোলা অভিনন্দন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব
কপিল দেব

কিছুটা কঠিন পরীক্ষা দিয়েই ভারত জয়ের পথটা খুঁজে পেল। তবে পরশু মোহালিতে সেই পথ খুঁজতে গিয়ে তারা ঠিক যেভাবে সবকিছু করা দরকার ছিল, তা-ই করল। বিরাট কোহলির জন্য এ এক অসাধারণ রাত। আসলে দুই দলের জন্যই এটা গুরুত্বপূর্ণ রাত ছিল। ভারত জয়ের জন্য ছিল মরিয়া। তবে তারা জিতলেও অস্ট্রেলিয়া কিন্তু কঠিন লড়াই করেছে। তবে শুরুতে যেভাবে ওরা ভারতের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছিল, সেই ছন্দটা পরে আর ধরে রাখতে পারল না। সাম্প্রতিককালে আরও কয়েকটা জয়ের মতো এ ম্যাচেও তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে স্বাগতিক দলই শেষ হাসি হাসল। তবে সবার মধ্যে কোহলিকেই সবচেয়ে বেশি উজ্জ্বল লাগল।
কোহলির ওপর অনেক চাপ তৈরি হয়েছিল, কারণ ভারতের সবচেয়ে বড় আস্থা তো সে-ই ছিল। কিন্তু সে নিজের কাজটাকে খুব সহজ বানিয়ে একেবারে চ্যাম্পিয়নের মতো তাড়া করে দলকে জয় এনে দিল। আমি ২২ গজে ওর মেজাজটা দেখে মুগ্ধ। ওর আত্মবিশ্বাসের প্রশংসা না করে পারা যায় না। চাপ যত বেড়েছে, ওর প্রতিরোধক্ষমতাও যেন ততই বেড়েছে। খুবই অল্প সময়ের জন্য সে ছন্দ হারিয়েছিল, কিন্তু কী দারুণভাবেই না সে সেটা ফিরিয়ে আনল এবং বড় ম্যাচে স্মরণীয় একটা ইনিংস খেলল।
অস্ট্রেলিয়ার আক্রমণ একটা সময় গিয়ে ধার হারিয়েছে। কোহলি আর ধোনি যতক্ষণ উইকেটে ছিল, খুব সহজেই রান এসেছে। ওরা ক্রিজে থাকায় আমার মধ্যেও ভারতের জয় নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। দুজনেরই রানিং বিটুইন দ্য উইকেট এত ভালো ছিল যে, অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ের ফাঁকা জায়গাগুলো পূরণ করতে অনেক বেগ পেতে হয়েছে।
আমি সব সময়ই বিশ্বাস করি, টি-টোয়েন্টি শুধু ধুমধাড়াক্কা শটের খেলা নয়। আপনি স্বাভাবিক ক্রিকেটিং শট খেলেও বোলারদের ওপর আধিপত্য করতে পারেন। কোহলি আরও একবার সেটাই প্রমাণ করেছে। দুই দলের মধ্যে সে-ই ছিল সবচেয়ে বড় ব্যবধান। এর চেয়ে ভালো ইনিংস আর কী হতে পারে!
অ্যারন ফিঞ্চ যতক্ষণ উইকেটে ছিল, অস্ট্রেলিয়াও দারুণ খেলছিল। আমার মতে, ওর উইকেটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ওটা ভারতকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। পরে গ্লেন ম্যাক্সওয়েলও বেশি কিছু করতে না পারায় ভারতের জন্য আরও ভালো হয়েছে।
ম্যাচের অর্ধেক সময় পর্যন্ত যদি কারও কৃতিত্ব পাওনা থাকে তবে সে মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা যখন ভারতীয় বোলারদের বেধড়ক পেটাচ্ছিল, তখনো সে ভেঙে পড়েনি। ওর সেরা বোলারটা এদিন সেরা ছন্দে ছিল না। এটা বুঝেই কী দারুণভাবে বোলিং পরিবর্তন করল আর যুবরাজের হাতে বল তুলে দিল। অভিজ্ঞ যুবরাজ আর আশিস নেহরার ওপর ওর আস্থাই ভারতকে ম্যাচে রাখে, শুরুর এত তাণ্ডবের পরও তাই অস্ট্রেলিয়ার রানটা খুব বেশি হয়নি। আর বাকিটা তো বিরাট-কীর্তি! টুপিখোলা অভিনন্দন তাকে। মুম্বাইয়ে ওর আরেকটা বিধ্বংসী ইনিংস দেখার প্রত্যাশায় রইলাম। (পিচ সলিউশন আর)