কোহলিকে দিয়ে জোসেফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোসেফকে অভিষেক টুপি পরিয়ে দিচ্ছেন জোয়েল গার্নার। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড
জোসেফকে অভিষেক টুপি পরিয়ে দিচ্ছেন জোয়েল গার্নার। ছবি: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড

টিভি ক্যামেরা বারবার ঘুরে যাচ্ছে বিরাট কোহলির দিকে। ড্রেসিংরুমে বসে থাকা ভারতীয় অধিনায়কের বিরক্তিটা তাতে যেন বাড়ছে। সেন্ট লুসিয়া টেস্ট শুরু হওয়ার আধা ঘণ্টা না পেরোতেই আলজারি জোসেফের শিকার হয়ে তাঁকে এভাবে ড্রেসিংরুমে ফিরতে হবে, তা কী আর ভেবেছিলেন! 

গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঘণ্টায় নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জোসেফ। ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আজ তিনি পা রাখলেন আন্তর্জাতিক আঙিনায়। আন্তর্জাতিক ক্রিকেটে জোসেফের প্রথম শিকার বোলারদের কাঙ্ক্ষিত উইকেট কোহলি। স্বপ্নের শুরু বুঝি একেই বলে!
বাউন্স আর গতি দিয়ে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখা জোসেফ যেন তাঁর কিংবদন্তি পূর্বসূরিদের কথাই মনে করিয়ে দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের ১৯ বছর বয়সী ফাস্ট বোলার গর্ববোধ করতে পারেন এই ভেবে, তাঁকে অভিষেক টুপি পরিয়ে দিয়েছেন জোয়েল গার্নার। যদিও এখনো অনেক পথ বাকি, তবে জোসেফকে গার্নার অভিনন্দন জানাতে পারেন প্রতিপক্ষের সবচেয়ে মূল্যবান উইকেটটি তুলে নেওয়ার জন্য।
ভারতের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ১৯.৩ ওভারে ৭৭ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও রাহুলের ইনিংস খুব বেশি দূর এগোয়নি। রস্টন চেজের বলে শর্ট ফাইন লেগে ক্রেইগ ব্রাফেটের ক্যাচে পরিণত হওয়ার আগে আউট হয়েছেন ঠিক ৫০ রান করে। লাঞ্চের আগে ভারত তুলেছে ৩ উইকেটে ৮৭ রান। টেন ক্রিকেট।