কোহলিকে রাগিয়ে জিতবে অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না ফাস্ট বল, না স্পিনের ঘূর্ণিজাল। বিরাট কোহলিকে বধ করার মোক্ষম কোনো অস্ত্রই যেন নেই! প্রতিপক্ষ বোলারদের জন্য ভারতের বিধ্বংসী এই ব্যাটসম্যান মূর্তিমান এক আতঙ্কের নাম। কোহলি-রথে সওয়ার হয়ে টেস্ট ক্রিকেটে তরতর করে এগিয়ে চলছে ভারত। দেশের মাটিতে তারা হয়ে উঠেছে অজেয় এক দল। এটা এখন যেন প্রতিষ্ঠিত যে ভারতকে হারাতে হলে থামাতে হবে কোহলিকে। তাঁকে থামানোর উপায় কি আসলে কিছু আছে? তা উপায় একটা বের করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতে আসছে সফরে সেটাই ব্যবহার করবে তাঁর দল।
চার টেস্টের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া আগামী ফেব্রুয়ারিতে ভারত সফর করবে। সে সফরে সাফল্য পেতে উন্মুখ হয়ে আছেন স্মিথ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার মাঝেও তাই তাঁর মাথায় ঘুরছে ভারত সিরিজ। সেই ভাবনা থেকেই কোহলিকে আটকানোর একটা উপায় আবিষ্কার! মাঠের বিধ্বংসী ব্যাটসম্যান কোহলি বেশ আবেগপ্রবণ বলেই মনে করেন স্মিথ। মাঠে তাঁর আবেগ নাড়িয়ে দিতে পারলেই কোহলি তাঁর স্বাভাবিক খেলাটা আর খেলতে পারবেন না! স্মিথের ভাষায়, ‘আমরা তাঁকে একটু বেশি আবেগাক্রান্ত করে ফেলার চেষ্টা করব। একটু রাগিয়ে দেওয়া আর কি! আমি মনে করি, তাঁকে এই অবস্থায় নিয়ে যেতে পারলে ভারত দলকে নড়বড়ে করে দেওয়া যাবে।’
কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ ৪-০ ব্যবধানে জেতে ভারত। ১০৯.১৬ গড়ে ৬৫৫ রান করেন কোহলি। টেস্টে কোহলির গড় বেড়ে এখন ৫০.১০। সব মিলে ঘরের মাঠে টেস্টে টানা ১৮ ম্যাচ অপরাজিত ভারত। এনডিটিভি।