কোহলিদের ঐতিহাসিক সুযোগের পথে বৃষ্টির বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে মাত্র ১৫.৫ ওভার খেলা হলো চতুর্থ দিন। ছবি: এএফপি
বৃষ্টির কারণে মাত্র ১৫.৫ ওভার খেলা হলো চতুর্থ দিন। ছবি: এএফপি

‘আর্ল’ নামের এক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় চোখ রাঙাতে শুরু করেছে জ্যামাইকা টেস্টকে। সমুদ্রে নিম্নচাপের কারণে সৃষ্ট ঝোড়ো বৃষ্টিই আসলে এখন ভারতের আসল প্রতিপক্ষ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আরও একটি টেস্ট জয়ের পথে যে বাধা এই বৃষ্টিই। তৃতীয় দিনে বাগড়া ছিল। বৃষ্টির কারণে চতুর্থ দিন খেলা হলো মাত্র ১৫.৫ ওভার। তাতেই ক্যারিবীয়দের ৪ উইকেট ফেলে দিয়ে জয়ের পথে বেশ এগিয়ে গেছে বিরাট কোহলির দল। কোহলিরা আফসোস করতে পারেন, চতুর্থ দিন মাঠে ঠিকমতো খেলা গড়ালে পঞ্চম দিনটা আশপাশে ঘুরে-টুরে কাটিয়ে দেওয়া যেত। কিন্তু সেই আফসোস দূরে থাক, প্রশ্ন হলো, আজ খেলা কতক্ষণ হবে? ভারত কি ৬ উইকেট তুলে নেওয়ার মতো যথেষ্ট সময় পাবে?
হাতে ৬ উইকেট রেখে ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে ২৫৬ রানে। প্রথম ইনিংসে ভারতের ৫০০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে তুলতে পেরেছে মাত্র ৪৮ রান। প্রথমে ব্যাট করে ক্যারিবীয়দের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৯৬ রানেই। 

গতকাল ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া চারটি উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও অমিত মিশ্র। এর মধ্যে ২ উইকেট শামির। ২৩ রানে মিশ্রর হাতে লোকেশ রাহুলের ক্যাচ হয়ে ফিরেছেন কার্লোস ব্রাফেট। ড্যারেন ব্রাভোকে ওই রাহুলের ক্যাচেই ফিরিয়েছেন শামি। তাঁর ব্যাট থেকে আসে ২০। ইশান্তের বলে ১ রান করে বোল্ড হয়েছেন রাজেন্দ্র চন্দ্রিকা। শামি মারলন স্যামুয়েলসের স্টাম্প ছত্রখান করেছেন রানের খাতা খোলার আগেই।
পঞ্চম দিনটা ঠিকমতো খেলা মাঠে গড়াক, আপাতত ভারতীয় দলের প্রার্থনা এটিই। ক্যারিবীয়দের প্রার্থনা যে উল্টোটা, সেটা কিন্তু না বললেও হচ্ছে। কোহলিদের ব্যাকুল হওয়ার কারণও আছে। ভারত ১৯৫৩ সাল থেকে ক্যারিবীয় সফর করছে। কিন্তু কখনোই একই সফরে টানা দুটি টেস্ট জেতার অভিজ্ঞতা তাদের হয়নি। এবারই তো সুবর্ণ সুযোগ! সূত্র: এএফপি।