কোহলিদের সঙ্গে বন্ধুত্ব করে আইপিএলে দল পাওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিদের সঙ্গে বন্ধুত্ব করে আইপিএলে জায়গা মেলে না, বলছেন লক্ষ্মণ। ছবি: এএফপি
কোহলিদের সঙ্গে বন্ধুত্ব করে আইপিএলে জায়গা মেলে না, বলছেন লক্ষ্মণ। ছবি: এএফপি

করোনাভাইরাসের এই নিস্তরঙ্গ সময়ে কী বোমাটাই না ফাটিয়েছেন মাইকেল ক্লার্ক! তাঁর মন্তব্যের পাল্টা হিসেবে গত কদিনে অনেক কথা শোনা গেছে। সর্বশেষ উত্তরটা এসেছে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের কাছ থেকে।

২০১৮-১৯ মৌসুমে নিজেদের মাটিতে ভারতের কাছে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। কদিন আগে ক্লার্ক এই হারের পেছনে একটা কারণ খুঁজে পেয়েছেন। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক মনে করেন, আইপিএলের কারণেই সে সিরিজে কোহলিদের খুব বেশি স্লেজিং করেননি অস্ট্রেলিয়ানরা। কোহলিদের খেপালে আইপিএলে দল আর মোটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা কমতে পারে, এটিই টিম পেইন ও তাঁর দলের ক্রিকেটারদের নাকি মনে কাজ করেছে।

ক্লার্কের এই মন্তব্যের পাল্টা হিসেবে লক্ষ্মণ বলছেন, ‘কারও সঙ্গে ভালো আচরণ করে আইপিএলে খেলা যায় না। যেকোনো ফ্র্যাঞ্চাইজি দেখে একজন খেলোয়াড়ের সামর্থ্য, সে কতটুকু অবদান রাখতে পারবে দলে। এসবই টুর্নামেন্টে তাদের প্রত্যাশিত জয় এনে দেয়। এ ধরনের খেলোয়াড়েরাই আইপিএল চুক্তিতে আসে। কারও সঙ্গে ভালো আচরণ করে আইপিএলে দল পাওয়া যায় না।’

১৩৪ টেস্ট খেলা লক্ষ্মণ আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে নিয়মিত অংশ নেন আইপিএলের নিলামে। খেলোয়াড়দের কোন মানদণ্ডে দলে নিতে হয়, সেটি জানেন বলেই তিনি বলছেন, ‘ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব থাকলেই আইপিএলের দলে সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই। একজন মেন্টর হিসেবে নিলামে উপস্থিত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা তাদেরই দলে নিই যারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দেশের হয়ে খুবই ভালো খেলে এবং যাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো অবদান রাখার সম্ভাবনা আছে।’