কোহলির কাছ থেকে টিপস নেবেন মুমিনুল

আজ বিকেলে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের মূল লক্ষ্য জয়, দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা মুমিনুল হক জানিয়েছেন এমনটাই।
দেশের মাঠে টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ অবশ্য কখনো জিততে পারেনি। ৮ টেস্টের ৬টিতে হার, বাকি দুটি বৃষ্টির সৌজন্যে ড্র। ভারতের মাটিতে বাংলাদেশ কি পারবে দুর্দান্ত কিছু করতে? মুমিনুল অবশ্য আশাবাদী, ‘অসাধারণ সব খেলোয়াড় আছে তাদের। তারা শক্তিশালী এক দল। এই মুহূর্তে টেস্টে তারা এক নম্বর দল। তবে আমরা চেষ্টা করব ভালো খেলতে। আমরা খেলব জয়ের জন্য।’
ভারতের বিপক্ষে একটিই টেস্ট খেলেছেন মুমিনুল। ২০১৫ সালের জুনে ফতুল্লা টেস্টে খুব একটা ভালো করতে পারেননি বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান, করেছিলেন ৩০ রান। এবার নিশ্চয়ই পুরোনো ব্যর্থতা পুষিয়ে দিতে চাইবেন তিনি। যদিও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কিছু বলতে চান না মুমিনুল, ‘আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। তবে অনেক দিন ধরে লম্বা ইনিংস খেলতে পারছি না। এবার চেষ্টা করব বড় স্কোর করতে। আর আমার প্রমাণের কিছু নেই। আমি চাই প্রতিদিন উন্নতি করতে।’
মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন হায়দরাবাদ টেস্ট শেষে তিনি দেখা করবেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে। মুমিনুলেরও এমন একটা ইচ্ছে আছে। তিনি চান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে কথা বলতে, ‘সে দুর্দান্ত। সুযোগ পেলে চেষ্টা করব তার সঙ্গে কথা বলতে। তার আক্রমণাত্মক ব্যাটিং ভালো লাগে। আপনি যদি আক্রমণাত্মক হন কখনই হারবেন না।’