কোহলির কাছে রাজত্ব সঁপে দিতে প্রস্তুত ধোনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধোনি রাজত্বের শেষ দেখছে ক্রিকেট? ফাইল ছবি
ধোনি রাজত্বের শেষ দেখছে ক্রিকেট? ফাইল ছবি

‘কবে?’ ‘আর কত দিন?’ এক বছর ধরে মহেন্দ্র সিং ধোনিকে সম্ভবত এ প্রশ্নটাই সবচেয়ে বেশি শুনতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবশ্য বেশ কিছুদিন এ প্রশ্ন শুনতে হয়নি তাঁকে। এ সময়ে যে সীমিত ওভারের ক্রিকেটই খেলেনি ভারত। তবে আবারও সে প্রসঙ্গ শুরু হয়ে যেতে পারত। এ মাসের শেষেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ধোনি তাই কোনো সুযোগই দিলেন না কাউকে, নিজেই ইঙ্গিত দিলেন বিরাট কোহলির কাছে রাজত্ব সঁপে দিতে প্রস্তুত তিনি।

২৭ ও ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ভারতীয় দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চার টেস্ট সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে সফরকারীরা। টেস্ট অধিনায়ক হিসেবে কোহলি দায়িত্ব নেওয়ার পর থেকেই সাফল্য পাচ্ছে ভারত। আর এ সাফল্যই যেন বিরাট এক ভার হয়ে দাঁড়িয়েছে ধোনির জন্য। প্রশ্নও উঠে গেছে, কোহলিকেই সীমিত ওভারের অধিনায়ক করা হচ্ছে না কেন! কিন্তু দেশ ছাড়ার আগে ধোনির কণ্ঠে উল্টো কোহলি-স্তুতিই শোনা গেল, ‘সে খুব ভালো করছে। সব ধরনের ক্রিকেটেই অধিনায়ক হিসেবে ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’
শুধু অধিনায়ক কোহলিই নন, একজন ক্রিকেটার হিসেবেও কোহলির মহাভক্ত ধোনি, ‘বিরাট অনেক দিন ধরেই ভালো করছে। কীভাবে আপনি খেলায় উন্নতি আনছেন সেটাই দেখার বিষয়। যেদিন তার অভিষেক হলো, সেদিন থেকেই সে দলের জয়ে অবদান রাখতে চেয়েছে। সে প্রতিদিনই ম্যাচসেরা হতে চায়!’
ধোনির চোখে কোহলি দিন দিন আরও ভালো করছেন, নেতৃত্বগুণ দিয়ে নিজেকে আলাদা করে চেনাচ্ছেন, ‘অনেক দিন ধরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছে সে। আর টেস্ট দলের অধিনায়ক হয়েছে, সেটিও এক বছর হয়ে গেছে। ফিটনেস হোক কিংবা ম্যাচের অবস্থা বোঝা হোক, সব সময় নিজের সেরাটা বের করে নিয়ে আসে। এটাই ওকে আলাদা করে ফেলে। সে এভাবেই দলকে নেতৃত্ব দেয়।’
সীমিত ওভারেও কোহলির হাতেই ভারতের নেতৃত্ব ছেড়ে দেবেন ধোনি। এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা কেবল কবে-কখন। কোহলি সব ধরনের ক্রিকেটেই নেতৃত্বের জন্য প্রস্তুত—ধোনির এমন মন্তব্য হয়তো সেই উত্তরটার অনেকটাই দিয়ে দিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।