কোহলির গায়ে পাকিস্তানের জার্সি!

‘লোকটা বিরাট কোহলি না? এ কী, তাঁর গায়ে পাকিস্তানের জার্সি কেন?’ গত কদিন ধরে ভারচুয়াল জগতে এমনই ঝড় উঠল। ভারতের টেস্ট অধিনায়কের পরনে চিরপ্রতিদ্বন্দ্বীদের জার্সি দেখা গেলে শোরগোল তো উঠবেই। রহস্য খোলাসা হয়েছে দ্রুতই। না, কোহলি নন, ইনি অনেকটা কোহলির মতো দেখতে এক পাকিস্তানি ক্রিকেট সমর্থক। কিন্তু তাতে শোরগোল একটুও কমেনি।
সামাজিক মাধ্যমগুলোতে এত ঝড় ওঠায় পাকিস্তানের কয়েকটি টিভি চ্যানেল এরই মধ্যে আগ্রহী হয়ে উঠেছে এই ‘কোহলি নম্বর টু’-এর ব্যাপারে। ‘নকল’ কোহলিকে দিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করাতে চায় তারা। কেউ কেউ তাঁকে দিয়ে বিজ্ঞাপনও বানাতে চাইছে। কিন্তু যাঁকে নিয়ে এত হইচই, সেই মানুষটা সম্পর্কে এখনো তেমন কোনো তথ্যই জানা যায়নি। কী তাঁর নাম, থাকেন কোথায়, কী করেন।

এমনও হতে পারে, ভারচুয়াল দুনিয়ায় যে তাঁকে নিয়ে এত হইচই হচ্ছে, সেই খবরও হয়তো জানেন না তিনি!
অবশ্য ‘কোহলি নম্বর টু’-এর চেয়ে তাঁকে ‘থ্রি’ বলাই ভালো। কারণ এর আগেই ‘কোহলি নম্বর টু’-এর দেখা পাওয়া গেছে। তিনি আর কেউ নন, আহমেদ শেহজাদ। পাকিস্তানি এই ওপেনারকে কখনো কখনো মেলায় হারিয়ে যাওয়া কোহলির ভাইয়ের মতো দেখতে লাগে বটে!