কোহলির দুর্দশা চলছেই

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ১৭ ইনিংসে মাত্র একটি সেঞ্চুরি, কোনো ফিফটিও নেই। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে চার ইনিংস মিলিয়ে করেছেন ৬৩ রান। জিম্বাবুয়ে সফরে যাননি। আন্তর্জাতিক ক্রিকেটে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি খেলতে নেমে গেলেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে। কিন্তু চেন্নাইয়ে চলমান চার দিনের ম্যাচটিতে প্রথম ইনিংসে আউট হয়েছেন ১৬ রান করে।
অথচ এই কোহলিই কী এক অবিশ্বাস্য ফর্মেই না ছিলেন। অক্টোবর-ডিসেম্বর—বছর শেষের তিন মাসে করেছিলেন ৫টি সেঞ্চুরি, তিনটি ফিফটি। নতুন বছরের প্রথম ম্যাচটিতেও সেঞ্চুরি। কিন্তু এর পরই পথ হারানো শুরু। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ধরলেও গত ১৭ ইনিংসে মোটে ৪৩৮ রান!
রানে ফিরতে ক্রিকেট থেকে ছুটি নিলেন। প্রেমিকা আনুশকা শর্মার সঙ্গে অভিসারে দ্বীপান্তরেও গেলেন। আনুশকা নিজে কিন্তু দুর্দান্ত ফর্মে। একের পর এক হিট, বক্সে অফিসে উড়ন্ত গ্রাফ। কিন্তু প্রেমিকের কপালে প্রেমময় চুমু এঁকে দিলেও ভাগ্যটীকা পরাতে পারলেন কই?
অবশ্য ‘ফর্ম ইজ টেম্পরারি’র আপ্তবাক্যে কোহলি বিশ্বাস করলে অন্যে পরে কা কথা। কারণ যে অক্টোবর-ডিসেম্বরের খতিয়ান দেওয়া হলো একটু আগে, এর আগে ২০১৪ সালটায় ভয়াবহ রান খরার মধ্যে দিয়েই যেতে হচ্ছিল। ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ অক্টোবর—টানা ২৪টি আন্তর্জাতিক ইনিংসে একটিও সেঞ্চুরি পাননি, ফিফটি পাঁচটি। এর পরই রানের জোয়ার এসেছিল।
সাময়িক ভাটা আরও একটি জোয়ার দিয়েই পুষিয়ে নিতে চাইবেন কোহলি।