১০৭, ৪৬, ৩৩, ৩৩, ৪৪, ৩৮, ৩, ১, ১৪, ১, ২৩, ২৫-বিশ্বকাপ থেকে শুরু করে ১১টি ওয়ানডে ও বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্টের ১ ইনিংস (১৪) মিলিয়ে বিরাট কোহলির ইনিংসগুলো হতশ্রীই। ফর্মের সঙ্গে যে যুঝছেন সেটা পরিসংখ্যানই বলে দেয়। যেটা বলতে পারে না তা হলো, প্রায় প্রতিটি ইনিংসেই ২২ গজে কতটা অসহায় দেখাচ্ছিল ভারতের টেস্ট অধিনায়ককে। তবে আক্রমণাত্মক ব্যাটিংকেই কোহলির ফর্মে ফেরার উপায় হিসেবে দেখেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
‘আমি মনে করি আপনি যা, তাই থাকা উচিত। এটাই খেলাটার সৌন্দর্য—নানা বৈশিষ্ট্যের লোক এতে সফল হতে পারে। তবে বেশির ভাগ খেলোয়াড় যারা বিভিন্ন সময়ে সফল হয়েছে, তারা আগ্রাসী ছিল’-বিরাট কোহলির ব্যাটিংয়ের ধরন না পাল্টাতেই পরামর্শ দিয়েছেন বর্তমান ভারত ‘এ’ দলের কোচ দ্রাবিড়।
মাঠে আগ্রাসী আচরণের জন্য কোহলি সমালোচিত হলেও টেস্ট অধিনায়কের এই মনোভাবও সমর্থন পাচ্ছে সম্পূর্ণ বিপরীত চরিত্রের দ্রাবিড়ের কাছে, ‘কেউ আগ্রাসী হয়, কেউ হয় না। ব্যাপারটা সবাই ভিন্নভাবেই প্রকাশ করে।’ হিন্দুস্তান টাইমস।