কোহলির নয়ে-নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট খেলুড়ে নয় প্রতিপক্ষের আটটির বিপক্ষেই ওয়ানডে সেঞ্চুরি ছিল বিরাট কোহলির। বাকি থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কাল সেঞ্চুরি করে ফেললেন। সব টেস্ট প্রতিপক্ষের সবার বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল তাঁর। এই কৃতিত্ব আছে আর মাত্র চারজনের। শুরুটার সঙ্গে জড়িয়ে বাংলাদেশের নামও। ২০০৩ সালে ডারউইনে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির বৃত্তটা পূরণ করেন রিকি পন্টিং। দুই বছর পর কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে পন্টিংয়ের সঙ্গী হন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। হাশিম আমলাও আছেন এই তালিকায় (২০১৪, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)। মাঝে একজন আছেন। যিনি ক্যারিয়ারের শেষ দিকে এসে এই বৃত্ত পূরণ করেছিলেন, সেখানেও জড়িয়ে বাংলাদেশের নাম। ২০১২ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির মাহাত্ম্য টেন্ডুলকারের কাছে অনেক। এটাই তাঁর ক্যারিয়ারের শেষ সেঞ্চুরি। এটাই তাঁর শততম সেঞ্চুরি। এই সেঞ্চুরি দিয়েই টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরির বৃত্ত পূর্ণ হয় তাঁর। এত এত ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা সেই সেঞ্চুরির দিনে কিন্তু বাংলাদেশের কাছে হেরেছিলেন টেন্ডুলকার!