কোহলির পাশেই থাকলেন আমির

কথার মধ্যে রসিকতা মেশাতে জুড়ি নেই মহেন্দ্র সিং ধোনির। সেই রসিকতায় কখনো থাকে বিনোদন, কখনো খোঁচা। শহীদ আফ্রিদি ঠিক ধোনির মতো না হলেও তাঁর সংবাদ সম্মেলনও হয় প্রাণবন্ত।
কিন্তু কাল মিরপুরে পাকিস্তান অধিনায়ক এড়িয়ে গেলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলন। ভারতের হয়ে অধিনায়ক ধোনি এলেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করলেন কোচ ওয়াকার ইউনিস। অবশ্য দুই সংবাদ সম্মেলনেরই বিষয়বস্তু প্রায় এক। ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলির সঙ্গে পরাজিত দলে থেকেও সমানভাবে পাল্লা দিয়ে গেলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির।
ধোনির অকৃপণ প্রশংসা পেলেন আমির, ‘প্রথম ওভারেই ২ উইকেট ফেলে দিতে পারাটা সব সময়ই ভালো শুরু। আমির সেটা করে দেখিয়েছে। এই বাঁহাতির লেংথ ছিল খুবই ভালো। এই কন্ডিশনে সেটা দেখে খেলাটা গুরুত্বপূর্ণ ছিল।’ আমিরকে স্তুতিতে ভাসিয়েছেন ওয়াকারও। তবে স্পট ফিক্সিংয়ের সঙ্গে এই তরুণ পেসারের সম্পৃক্ততার ব্যাপারে নিজের অবস্থানটা পরিবর্তন করে নয়। ‘নিজের ভুলের জন্যই ও কয়েক বছর খেলতে পারেনি। এটার জন্য মায়াকান্নার প্রয়োজন দেখি না। তবে হ্যাঁ, ও খুব ভালো বল করছে। যত দিন যাচ্ছে ততই উন্নতি আসছে পারফরম্যান্সে। আগামী কয়েক বছরের মধ্যে পাকিস্তানের ক্রিকেটের জন্য সম্পদে পরিণত হবে সে’—এই হলো কিছুদিন আগের আর এখনকার আমির সম্পর্কে পাকিস্তান কোচের মূল্যায়ন।
কোহলির ক্ষেত্রেও ধোনি-ওয়াকারের মূল্যায়ন প্রায় একই। কোহলিকে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান মানতে আপত্তি নেই কারোরই। পাকিস্তান কোচ তো বলেই দিলেন, ‘পরিসংখ্যানই তার পক্ষে কথা বলে। খেলার প্রতি নিবেদন আর ফিটনেসই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে।’ তবে অন্য কোনো ‘সেরা’র সঙ্গে তাঁর তুলনাতে গেলেন না কেউই। শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনার প্রশ্নে ওয়াকার যেমন বললেন, ‘দুজন দুই সময়ের সেরা’, তেমনি ধোনির মন্তব্য, ‘বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের ব্যাটিংটা খুব ভালো করে। দারুণ ধারাবাহিকও। তবে তার মানে এই নয় যে অতীতে এ রকম ব্যাটিং আর কেউ করেনি।’
ওয়াকারের দৃষ্টিতে পাকিস্তান আর ৩০-৪০ রান করলেই ভালো প্রতিদ্বন্দ্বিতা হতো ম্যাচে। প্রথম আট ওভারে ৬ উইকেট পড়ে যাওয়াটাকেই হারের কারণ মনে করছেন তিনি। তবে প্রশংসা করলেন দলীয় বোলারদের, ‘আমাদের বোলাররা প্রমাণ করেছে, স্কোরবোর্ডে ভালো রান থাকলে তারা যেকোনো দলের বিপক্ষে ম্যাচ জেতাতে পারে।’

ম্যাচ জিতলেও কম রান নিয়ে হতাশা আছে ভারত অধিনায়কেরও। টি-টোয়েন্টি মানুষ দেখতেই আসে চার-ছক্কার আকর্ষণে। সেটা না হলে এই খেলার আর মানে কী! টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকভাবে হচ্ছে না বলেই মনে করেন ধোনি, ‘এখানে বড় শট খেলা খুব কঠিন। আমরা ভেবেছিলাম, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানে খুব ভালো অনুশীলন হয়ে যাবে। কিন্তু শট খেলার কথা বললে সেটা তেমন ভালো হচ্ছে না।’
ভারতের বোলিংয়ের সময় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সঙ্গে ধোনির ‘কথোপকথন’ চোখ এড়ানোর কথা নয় কারোরই। পাকিস্তানের ব্যাটসম্যান খুররম মনজুরের কট বিহাইন্ডের দাবিতে উইকেটকিপার ধোনিকে তখন একটু উত্তেজিতই মনে হচ্ছিল। তবে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই ভারত অধিনায়ক ব্যাট করলেন আম্পায়ারদের হয়ে, ‘এখন সব আম্পায়ারই ওয়াকিটকি এবং এক কানে শ্রবণযন্ত্র ব্যবহার করেন। কাজেই তাঁরা মূলত এক কান দিয়েই আম্পায়ারিং করেন। অন্য কানে শ্রবণযন্ত্র লাগানো থাকে বলে মাঠের সবকিছু শোনা তাঁদের পক্ষে কঠিন। এটা আমাদের বিবেচনায় রাখা উচিত।’ অন্তত বোলিংয়ের সময় আম্পায়ারদের দুই কান দিয়েই মাঠের শব্দ শোনা উচিত বলে মনে করেন ভারত অধিনায়ক, ‘বোলার যখন বল করে, তখন শ্রবণযন্ত্রের দরকার নেই। মাঠের শব্দগুলো শুনতে তখন আপনি দু কানই পাবেন।’
কথাগুলো বলার সময় মিটিমিটি হাসছিলেন ধোনি। ওটা রসিকতার হাসি ছিল, নাকি খোঁচা মারার, তা অবশ্য তিনিই ভালো বলতে পারবেন।
সংখ্যায় সংখ্যায়
ভারত–পাকিস্তান টি–টোয়েন্টি
২১ : পাওয়ার প্লেতে ভারতের রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন
০ : ভারতের উদ্বোধনী জুটির রান। এই প্রথম টি-টোয়েন্টিতে ভারতের দুই ওপেনারই আউট হলেন কোনো রান না করেই এই প্রথম কোনো ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ছক্কা নেই
১ : টি-টোয়েন্টিতে এই প্রথমবার শুরুর ১০ ওভারে প্রতিপক্ষের ছয় উইকেট তুলে নিল ভারত