
সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ড, আবার বিরাট কোহলি?
বাক্য শেষের ওই প্রশ্নবোধক চিহ্নের উত্তর দেবে আজকের ম্যাচ। তবে ম্যাচে যা-ই হোক, কোহলির বুকে চিরদিনই আঁকা থাকবে এসসিজির ছবি। আড়াই মাস আগে ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির যাত্রা শুরু এই মাঠেই। বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম টেস্টে অ্যাডিলেডে কোহলিকে টস করতে হয়েছিল চোটের কারণে ধোনি না থাকায়। শেষ টেস্টে টস করলেন মূল অধিনায়ক হিসেবেই।
সেই সিডনিতেই বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে নামার আগে কোহলি ফিরে গেলেন ওই সময়টায়, ‘ভারতকে নেতৃত্ব দেওয়ার কথা আমি কখনো ভাবিনি। সব সময় চেয়েছি ভারতের হয়ে টেস্ট খেলতে, সেটিই ছিল স্বপ্ন। টেস্ট অধিনায়ক হওয়া ভাবতেও পারিনি। তা ছাড়া এম এস ধোনি এত দ্রুত টেস্ট ক্রিকেট ছেড়ে দেবে, বিশেষ করে সিরিজের মাঝপথে, এটাও ভাবিনি। সবাই চমকে গিয়েছিলাম। আমার জন্য দিনটি ছিল আবেগময়। হোটেলে ফিরে ভেঙে পড়েছিলাম। গত কয়েক বছরে যে নেতা আমাদের গড়ে তুলেছেন, তার বিদায় ছিল কষ্টের মুহূর্ত।’
আবেগ অবশ্য দ্রুতই সামলে নিয়েছিলেন কোহলি। মাঠে নেমে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। কঠিন পরিস্থিতি উতরে ভারত ড্র করল টেস্ট, অধিনায়ক নিজে করেছিলেন ১৪৭ ও ৪৬! ওই স্মৃতি থেকেই অনুপ্রাণিত হতে চাইবেন আজ খুব করে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে বিশ্বকাপ শুরু করে আর একটা পঞ্চাশও ছুঁতে পারেননি কোহলি। ৭ ইনিংসে রান ৩০৪, দুবার অপরাজিত থাকায় গড় যদিও ষাটের বেশি। তবু বিশ্বকাপের সম্ভাব্য সর্বোচ্চ রানসংগ্রাহক ভাবা হচ্ছিল যাঁকে, তালিকায় ১৬ নম্বরে পড়ে থাকলে তাঁর চলবে কেন!
নিজের রান পাওয়া নিয়ে অবশ্য কমই ভাবেন কোহলি। বিশ্বকাপ শিরোপা ধরে রাখা এখন মাত্রই দুই ম্যাচের দূরত্ব। কোহলি স্বপ্নাতুর চোখে তাকিয়ে সেদিকেই, ‘আমাদের জন্য এই বিশ্বকাপ এমন একটা সুযোগ, ভারতীয় ক্রিকেটে আগে কখনো যা হয়নি—পিঠোপিঠি বিশ্বকাপ জয়! বিশেষ করে দেশের বাইরে এই কন্ডিশনে, খুব বেশি লোক যেখানে আমাদের সম্ভাবনা দেখেনি। কিন্তু আমরা প্রতিটি ম্যাচ জিতেছি, লোকে এখন আমাদের ফেবারিট ভাবছে। বিশ্বকাপ এখন পর্যন্ত দারুণ উপভোগ্য। বিশ্বকাপটা জিততে পারলে সেটি হবে আজীবন লালন করার মতো স্মৃতি।’
বিশ্বকাপ জয়ের স্মৃতি অবশ্য কোহলির আছে। ছিলেন গত বিশ্বকাপজয়ী দলেও। টেন্ডুলকার-শেবাগ-গম্ভীর-যুবরাজদের সেই দলে কোহলি ছিলেন সম্ভাবনাময় এক প্রতিভা। এখন তিনি দলের ব্যাটিং-স্তম্ভ, বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। কোহলি জানালেন, ওই বিশ্বকাপ জয়ই গড়ে তুলেছে আজকের কোহলিকে, ‘ওই বিশ্বকাপ থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছিলাম। ২২ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ কজন পায়! যদিও ওই দলের আরও অনেক সিনিয়র ক্রিকেটারের আবেগটা আমি ঠিক ততটা বুঝিনি, তাঁদের কাছে বিশ্বকাপ ট্রফি ছিল এক জীবনের অপেক্ষার ফল। তবে তাঁদের আবেগ দেখে আমি বুঝেছিলাম বিশ্বকাপের মাহাত্ম্য।’
ওই বিশ্বকাপও কোহলি শুরু করেছিলেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে। কিন্তু পরে আর সেভাবে রান পাননি। এবারও যদি হয় সেটির পুনরাবৃত্তি, কোহলির নিশ্চয়ই খুব বেশি আপত্তি থাকবে না! সূত্র: বিসিসিআই টিভি।