শন টেইট ফিরেছেন, ফিরেছেন আশিস নেহরা। অস্ট্রেলিয়া ও ভারতের দুই পেসার ২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথম জাতীয় দলের জার্সি গায়ে তুললেন কাল। দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন যুবরাজ সিংও। এই ত্রয়ীর প্রত্যাবর্তনের ম্যাচটা ভারত জিতে গেল সহজেই।
অ্যাডিলেড ওভালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটা ভারত জিতেছে ৩৭ রানে। টস হেরে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ১৮৯ রানের লক্ষ্য দেয় মহেন্দ্র সিং ধোনির দল। ৫৫ বলে সর্বোচ্চ ৯০ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে কোহলির সর্বোচ্চ ইনিংসটি সাজানো নয়টি চার ও দুটি ছয়ে। এ ছাড়া সুরেশ রায়না ৩৪ বলে ৪১ ও রোহিত শর্মা ২০ বলে করেছেন ৩১ রান।
৮.৫ ওভারে ১ উইকেটে ৮৯, অস্ট্রেলিয়া ভালোই শুরু করেছিল। কিন্তু ওখান থেকেই পথ হারিয়ে তিন বল বাকি থাকতেই স্বাগতিকেরা অলআউট ১৫১ রানে।
মনে রাখার মতো পারফর্ম করতে পারেননি নির্বাসন কাটিয়ে ফেরা ত্রয়ীর কেউই। শন টেইট ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। নেহরা ৪ ওভারে ৩০ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। যুবরাজ ব্যাটিংয়ের সুযোগই পাননি, এক ওভার বোলিং করে দিয়েছেন ১০ রান। ক্রিকইনফো, স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৮৮/৩ (কোহলি ৯০*, রায়না ৪১, রোহিত ৩১; ওয়াটসন ২/২৪, ফকনার ১/৪৩)। অস্ট্রেলিয়া: ১৯.৩ ওভারে ১৫১ (ফিঞ্চ ৪৪, স্মিথ ২১, লিন ১৭; বুমরা ৩/২৩, জাদেজা ২/২১, অশ্বিন ২/২৮, পান্ডিয়া ২/৩৭)
ফল: ভারত ৩৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।