কোহলির মধ্যে টেন্ডুলকারের 'অলৌকিক আভা' দেখেন লি

অস্ট্রেলিয়া সফরে এখনো জয়ের দেখা পায়নি ভারত। চার ম্যাচ খেলেছে, চারটিতেই হার। দলের পারফরম্যান্স নিয়ে হতাশ হওয়ার কথা বিরাট কোহলির। তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে এমন কোনো খেদ থাকার কথা নয় এই ২৬ বছর বয়সীর। সিরিজে যে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। প্রথম দুই ম্যাচে ফিফটি পেয়েছেন, পরের দুই ম্যাচে সেঞ্চুরি। এরই মধ্যে সবচেয়ে কম ইনিংসে ২৫ সেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেলেছেন কোহলি।
ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে দেখা হচ্ছিল শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হিসেবে। প্রতি ম্যাচেই যেন ভাবনাটাকে একটু একটু করে বাস্তবে রূপ দিয়ে যাচ্ছেন কোহলি। টেন্ডুলকারের যে রেকর্ডগুলোকে এক সময় ‘অতিমানবীয়’ ভাবা হতো, সেগুলোও কোহলি ভেঙে ফেলবেন বলে মনে করা হচ্ছে। কোহলির জন্য অবশ্যই এটি অনেক বড় প্রেরণা, প্রশংসাও। তবে এবার ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক আরও বড় প্রশংসা পেলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির কাছ থেকে, যেটিকে বিশ্বের যেকোনো ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ প্রশংসা বলে ধরে নেওয়া যেতে পারে। লি যে কোহলির মধ্যে টেন্ডুলকারের ব্যাটিংয়ের সেই ‘অলৌকিক আভা’ দেখতে পাচ্ছেন!
সিরিজের চতুর্থ ওয়ানডেতে গতকাল কোহলি ৯২ বলে ১০৬ রান করার পরও ভারত শেষ পর্যন্ত হেরে গেছে ২৫ রানে। তবে হেরে গেলেও কোহলিকে তাঁর ইনিংসের জন্য অভিনন্দন জানাচ্ছেন ব্রেট লি। বিসিসিআই টিভিকে বলেছেন, ‘কোহলিকে টুপি খোলা অভিবাদন জানাচ্ছি। ও বেশ ভালো ফর্মে আছে। ওর মতো ব্যাটসম্যানকে কোথায় যে বল করা যায়! অনেকটা যেন শচীন টেন্ডুলকারের ব্যাট করার মতো, তখনও এই দুশ্চিন্তা হতো। ক্রিজে শচীনের উপস্থিতিটাই ছিল এরকম। কোহলিরও শচীনের সেই অলৌকিক আভাটা আছে।’
ওয়ানডেতে টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডটাকে এক সময় অনতিক্রম্য মনে করা হতো। আরেকজন টেন্ডুলকার-রিচার্ডসের মতো ব্যাটসম্যান না এলে এই রেকর্ড ভাঙবে না বলেই মনে করা হচ্ছিল। তবে কোহলি যেভাবে ব্যাট করে যাচ্ছেন, তাতে অপেক্ষাটা খুব বেশিদিন করতে হবে না বলেই ধরে নেওয়া যায়। গত ম্যাচেই তো টেন্ডুলকারের আরেকটি রেকর্ড ছুঁয়েছেন কোহলি, রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ সেঞ্চুরির রেকর্ড।
এর জন্য কোহলির ব্যাটিংয়ের ধরনের প্রশংসা করলেন লি, ‘একবার সেট হয়ে গেলে ওকে আউট করা কঠিন। ও আক্রমণাত্মক, সঙ্গে নিয়ন্ত্রণও বেশ ভালো। ফর্মও আছে।’
তবে কোহলি হয়তো মনেপ্রাণে চাইছেন, তাঁর ব্যক্তিগত ফর্মটা দলের ক্ষেত্রেও যেন দেখা যায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।