কোহলির মুখেও মুশফিকের কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ভারতে টেস্ট খেলছে বাংলাদেশ। চারদিকে তাই খানিকটা উৎসব-উৎসব ভাব। চনমনে ভাবটা ছড়িয়েছে দলের মধ্যেও, বাংলাদেশের অনুশীলনটাও হলো অনেকটা ফুরফুরে মেজাজে। কাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে l এএফপি
অবশেষে ভারতে টেস্ট খেলছে বাংলাদেশ। চারদিকে তাই খানিকটা উৎসব-উৎসব ভাব। চনমনে ভাবটা ছড়িয়েছে দলের মধ্যেও, বাংলাদেশের অনুশীলনটাও হলো অনেকটা ফুরফুরে মেজাজে। কাল হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে l এএফপি

বিরাট কোহলির টেস্ট অভিষেক ২০১১ সালে। ছয় বছরে টেস্ট খেলেছেন ৫৩টি।
মুশফিকুর রহিমের টেস্ট অভিষেক ২০০৫ সালে। এগারো বছরে টেস্ট খেলেছেন ৫১টি।
দুই অধিনায়কের টেস্ট ক্যারিয়ারের এই বিপরীত চিত্রই বলে দিচ্ছে যা বলার।
ক্যারিয়ারের গল্প ভিন্ন হতে পারে। তবে এই ভিন্নতার সূত্র ধরেই ভারতের মাটিতে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের আগে দুই অধিনায়কের কথায় আশ্চর্য মিল। যেন সংবাদ সম্মেলনে আসার আগে দুজন যৌথ কোনো ইশতেহারে স্বাক্ষর করে এসেছেন!
কদিন আগেই নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। প্রায় আড়াই বছর পর বাংলাদেশের কোনো টেস্ট ট্যুর। এটি মনে করিয়ে দিয়ে মুশফিকুর রহিম আরও বেশি টেস্ট খেলার সুযোগ দাবি করবেন, স্বাভাবিক। এটিও স্বাভাবিক যে, তিনি উষ্মার সুরে বলবেন, যথেষ্ট খেলার সুযোগ দেবেন না, আবার ভালো-মন্দ বিচার করবেন, এ কেমন কথা! মুশফিকের কথায় অবাক হওয়ার কিছু নেই। যা হতে পারেন বিরাট কোহলির কথা শুনে।
অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির বিশাল ছায়া থেকে বেরিয়ে আসার কঠিন কাজটা অনায়াসেই করে ফেলেছেন। অধিনায়ক থেকে নেতায় উত্তরণও যেন সম্পন্ন। নইলে প্রতিপক্ষ দলের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মেতে ওঠার বদলে তাদের হয়ে ব্যাট ধরবেন কেন?
টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় সোয়া ১৬ বছর পর বাংলাদেশের প্রথম ভারতে টেস্ট খেলতে আসার কথা জেনে বিরাট কোহলি যারপরনাই বিস্মিত। সেই বিস্ময় প্রকাশ করার পর যা বললেন, তাতে কোহলি যেন মুশফিকুর রহিম -এ রূপান্তরিত!
বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা আর প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। টেস্টে ধারাবাহিকভাবে ভালো করতে না পারার পেছনের কারণ একটাই—টেস্ট ক্রিকেট খেলার যথেষ্ট সুযোগ না পাওয়া। বাংলাদেশ ওয়ানডেতে ভালো, কারণ ওয়ানডে খেলতে খেলতে বাংলাদেশের খেলোয়াড়েরা জানে, ওয়ানডেটা কীভাবে খেলতে হয়। টেস্ট যত বেশি খেলবে, ততই ভালো করবে।
ওপরের প্যারাটা আরেকবার পড়ুন। ইঙ্গিত দিয়ে রেখেছি বলেই হয়তো অনুমান করতে পারছেন, এটা বিরাট কোহলির কথাও হতে পারে। নইলে এসব মুশফিকুর রহিমের কথা বলে ভুল করার সমূহ কারণ ছিল কি না, বলুন!
ওখানেই না থেমে বাংলাদেশ যেন আরও বেশি টেস্ট খেলার সুযোগ পায়, সেই দাবিও জানিয়ে রাখলেন বিরাট কোহলি। যা শুনতে শুনতে মনে হচ্ছিল, মাঠে দুর্বিনীত ওই লোকটাই তো, নাকি অন্য কেউ!
টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর বনাম নয় নম্বর দলের খেলা। তার ওপর ম্যাচটি হচ্ছে ভারতের মাটিতে। এই কিছুদিন আগেই নিউজিল্যান্ড আর ইংল্যান্ড যেখানে এসে পায়ের নিচে মাটি খুঁজে পায়নি। অথচ অবিসংবাদিত ফেবারিট দলের অধিনায়কের কণ্ঠে নিজের দল সম্পর্কে বিনয় আর প্রতিপক্ষ সম্পর্কে অকৃত্রিম শ্রদ্ধা। আমরা নিজেদের কখনোই অজেয় ভাবি না। যেকোনো দলকেই হারানোর ক্ষমতা আছে আমাদের; তার মানে এই না যে, আমাদের কেউ হারাতে পারবে না বলার পরই কোহলি বলে দিচ্ছেন, বাংলাদেশকে আমি মোটেই সহজ প্রতিপক্ষ বলে মনে করি না। এই ম্যাচের প্রস্তুতিও অন্য দশটা ম্যাচের মতোই। প্রতিপক্ষ কে, তাতে আসলে কিছুই যায় আসে না। আমি শুধু বলটাই দেখি। বলটা কী করছে, সেটা দেখি। বলটা কে করছে, সেটি একটুও গুরুত্বপূর্ণ নয়।
শেষ কথাটা যেন ব্যাটসম্যান বিরাট কোহলির অসাধারণত্বের রহস্যটা বলে দিল। যাঁর সম্পর্কে কিছুক্ষণ পরই মুশফিকুর রহিম বলবেন, সম্ভবত বিশ্বের সেরা ব্যাটসম্যান। প্রাপ্য স্বীকৃতি দিচ্ছেন, তবে সঙ্গে এটাও বলতে ভুলছেন না, ও প্রথম বলেই আউট হয়ে যেতে পারে। আবার এক শ-দুই শও করতে পারে। ওর জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। তবে মিটিংয়ে প্ল্যান করা এক জিনিস আর মাঠে তা কাজে লাগানো আরেক জিনিস। দেখা যাক, কী হয়!
আগের দিনই ফলাফলের বিচারে ব্যর্থ নিউজিল্যান্ড সফরের প্রসঙ্গ তুলে অনিল কুম্বলে প্রশংসা করেছেন বাংলাদেশের। বাংলাদেশ সব ম্যাচেই হেরে থাকতে পারে, তবে নিউজিল্যান্ড কেমন কঠিন ঠাঁই, সেটি জানেন বলেই বাংলাদেশের লড়াইয়ের মূল্যটা বুঝতে পেরেছেন কুম্বলে। কোহলি শুধু তাঁর কোচের সঙ্গে সুরই মেলালেন না, সুনির্দিষ্ট উদাহরণও দিলেন, ওরা এক দিনে ৩৫০-এর বেশি রান তুলেছে। টেস্ট ম্যাচে সাড়ে চারের বেশি রানরেটে এত রান তোলা সহজ কথা নয়।
বিরাট কোহলির সঙ্গে একটা ক্ষেত্রে মিল আছে মুশফিকুর রহিমের। দুজনের কেউই অল্পে সন্তুষ্ট নন। কোহলি যেমন ফিটনেস-আত্মনিবেদন সবকিছুতে নতুন মানদণ্ড ঠিক করে দিচ্ছেন, মুশফিকও পরিশ্রম আর ঐকান্তিকতায় দলের বাকি খেলোয়াড়দের জন্য আদর্শ। ভালো র সংজ্ঞাটাও তাঁর কাছে ভিন্ন। নিউজিল্যান্ডে বাংলাদেশের পেসাররা ভালো করেছে বলায় তাই মৃদু প্রতিবাদ। বাকি সবার মতো ঢালাওভাবে ভালো বলতে রাজি নন। মনে করিয়ে দিলেন, বোলারদের কাজ হলো উইকেট নেওয়া। তারা সেটি নিতে পেরেছে কি পারেনি, সেটাই আসল কথা।
নিদান থাকল ব্যাটসম্যানদের জন্যও। ৬০-৭০ কোনো রান নয়। ৬০-৭০ করলে বরং বড় ইনিংস খেলার দায় চাপে। আর দুজন বড় ইনিংস খেললে অন্যদের দায়িত্ব যোগ্য সংগত করা—টেস্ট ক্রিকেটের চাহিদাটা এমন সুন্দর গুছিয়ে বললেন যে, কোহলির সঙ্গে মুশফিকের খুব একটা পার্থক্য থাকল না। পার্থক্য আসলে দুজনের দলের সৈন্য-সামন্তয়। যেটি ঘোচানোরও একটাই উপায়। মুশফিকের সঙ্গে সুর মিলিয়ে যা বলেছেন কোহলিও।
আরও বেশি বেশি টেস্ট খেলা!