কোহলির সেরা ইনিংস
ভারতকে কতগুলো ম্যাচ জিতিয়েছে বিরাট কোহলির ব্যাট? যতই দিন যাচ্ছে এই হিসাব রাখা ততই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আর কঠিন করার কাজটা নিষ্ঠার সঙ্গেই করেই যাচ্ছেন বিরাট কোহলি নিজেই। ভারতীয় ব্যাটসম্যানের ম্যাচজয়ী ইনিংসের সংখ্যা যে দিন দিন বেড়েই চলেছে! হিসাব রাখাই যেখানে মুশকিল, সেখানে সেরা ইনিংসটাকে ছেঁকে বের করা তো আরও কঠিন। তবে পরশু মোহালির ইনিংস সেই কঠিন কাজটাকেই করে দিয়েছে সহজ। কোহলি নিজেই বললেন, আপাতত এটাই তাঁর সেরা ইনিংস।
কোহলির ৫১ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আস্কিং রানরেটের কঠিন সমীকরণ মিলিয়েছে ভারত। উঠে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। ম্যাচের পরপরই কোহলিকে ইনিংসটার তুলনা করতে হলো নিজের সেরা ইনিংসগুলোর সঙ্গে, ‘এটা শীর্ষ তিনে তো থাকবেই, সম্ভবত সবার ওপরেই...। এখনো ঘোরের মধ্যেই আছি, তাই এখন এই ইনিংসটাকেই সবার ওপরে রাখব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আক্ষরিক অর্থেই কোয়ার্টার ফাইনাল হয়ে উঠেছিল ভারতের জন্য। বাঁচা-মরার লড়াইয়ে ৫ বল হাতে রেখেই দলকে জেতানোর পর নিরাবেগ কোহলিই ভাসলেন আবেগে, ‘জানি না এখন ঠিক কী বলতে হবে। যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতলাম, ঘোর এখনো কাটেনি। অবশ্য এ জন্যই তো আমরা ক্রিকেট খেলি! প্রতিটি ম্যাচেই নতুন চ্যালেঞ্জ। কিন্তু বিশ্বাস করুন আপনি এমন পরিস্থিতিতে খুব বেশি পড়তে চাইবেন না।’
কঠিন পরিস্থিতিতে ম্যাচের পর ম্যাচে মাথা ঠান্ডা রেখে ‘মিস্টার কুল’ উপাধি পাওয়া মহেন্দ্র সিং ধোনিও পরশু ভূমিকা রেখেছেন কোহলির মাথা ঠান্ডা রাখতে, ‘এমএস (ধোনি) আমার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেছেন। আশঙ্কা ছিল মাথা গরম করে ফেলার, তাই বলব এটা সম্মিলিত ব্যাটিং প্রচেষ্টার দারুণ এক উদাহরণ। খুব ভালো লাগছে যে আমরা পুরো পথটা পাড়ি দিয়ে এসেছি।’
ভালো লাগছে ক্রিকেটের নিরপেক্ষ সমর্থকদেরও। এমন ইনিংস তো আর প্রতিদিন দেখা যায় না! ক্রিকইনফো।