কোহলির 'প্রথম'

পি সারা ওভালকে আজীবন মনে রাখবেন কুমার সাঙ্গাকারা। এখানেই যে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে দিলেন। কলম্বোর এই মাঠকে মনে রাখবেন বিরাট কোহলিও। সাঙ্গার কারণটা না হয় বোঝা গেল। কিন্তু কোহলি? ভারতের নতুন অধিনায়ক যে তাঁর প্রথম টেস্ট জয়টি পেলেন এ মাঠেই।
ভারতের ৩২তম টেস্ট অধিনায়ক হিসেবে নাম লিখিয়েছেন গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে। ওই সিরিজে দুই টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এরপর বাংলাদেশ সফরে একটি টেস্টে নেতৃত্ব দিলেন। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্ট পর্যন্ত অধিনায়ক হিসেবে চার টেস্টে চারটি সেঞ্চুরি করলেও একটিতেও দেখেননি জয়ের মুখ। অবশেষে সেই আরাধ্যের জয়ের দেখা পেলেন গতকাল।
পঞ্চম টেস্টে এসে জয়ের দেখা, মন্দ কী! কিন্তু কোহলি ব্যাকুল হয়ে উঠছিলেন। তা ছাড়া একটা রেকর্ডও অস্বস্তির খচখচানি এনে দিচ্ছিল। মোহাম্মদ আজহারউদ্দিনের পর ভারতের আর কোনো টেস্ট অধিনায়ককে প্রথম জয়ের জন্য এত অপেক্ষা করতে হয়নি। মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকার তাঁদের অধিনায়কত্বে প্রথম টেস্টেই দলকে জিতিয়েছেন। রাহুল দ্রাবিড়ও দ্বিতীয় টেস্টেই জয় তুলে নিয়েছিলেন।
প্রথম জয়ের দেখা পেয়ে কোহলি তাই ভীষণই খুশি, ‘এটা অবশ্যই তৃপ্তিদায়ক। আমরা এর আগে দুবার জয়ের কাছাকাছি গিয়েছিলাম। শেষ পর্যন্ত পারিনি। গলের হারটি আমাদের সবচেয়ে বেশি পীড়া দিয়েছে। গত ম্যাচে এভাবে হেরে যাওয়ার পরও আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এটাই সবচেয়ে তৃপ্তির। আগের টেস্টে যে সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি, এ ম্যাচে সেটি করতে পেরেছি সবাই। অধিনায়ক হিসেবে এটা খুবই আনন্দের।’
কোহলির নতুন লক্ষ্য এবার সিরিজ জয়। সাঙ্গাকারা-বিহীন শ্রীলঙ্কার দুর্বল ব্যাটিং লাইনআপের ফায়দা কি লুটতে পারবে ভারত? শুক্রবার শুরু সিরিজের শেষ টেস্টে জিতলেই যে অনন্য অর্জন লেখা হবে অধিনায়ক কোহলির নামের পাশে। শ্রীলঙ্কা সফরে একবারই টেস্ট সিরিজ জিতেছে ভারত, সেটিও ২২ বছর আগে। সূত্র: এএফপি।