কোহলি-টেন্ডুলকারের তুলনা করাটা ভুল, বললেন ওয়াকার

২০১২ এশিয়া কাপে ১৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এবার যদিও এশিয়া কাপে সংস্করণ বদলেছে। কিন্তু কোহলি বদলাননি! তাঁর ৪৯ রানের কাছেই কাল হারল পাকিস্তান।
খেলোয়াড়ি জীবনে অনেক বড় ব্যাটসম্যানকে নাকাল করেছেন ওয়াকার ইউনিস। সতীর্থ হিসেবেও পেয়েছেন অনেক নামী ব্যাটসম্যানকে। এখন কোচ হিসেবে দেখা এই কোহলিকে কীভাবে মূল্যায়ন করবেন ওয়াকার? পাকিস্তান কোচের বড় সনদই পাচ্ছেন কোহলি, ‘সে কত দিন ধরে ক্রিকেট খেলছে, ৬-৭ বছর হবে? পরিসংখ্যানই তার হয়ে কথা বলবে। আমাকে কিছু বলতে হবে না। সে দারুণ ফিট। সাফল্য পেতে উন্মুখ। দেশের হয়ে ভালো করতে চায় সব সময়। সেটা করছেও। কোহলির এই নিবেদন ও ফিটনেসের জন্য কৃতিত্ব দিতেই হবে।’
এরপরই কঠিন এক প্রশ্ন ধেয়ে গেল ওয়াকারের দিকে। খেলোয়াড়ি জীবনে বহুবারই শচীন টেন্ডুলকারকে বোলিং করেছেন। চাপের মুখে ম্যাচ জেতানোর ক্ষেত্রে কে এগিয়ে থাকবেন, টেন্ডুলকার নাকি কোহলি? মিরপুরে ভারতের কাছে ৫ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ওয়াকার কিছুতেই দুজনের তুলনায় যেতে রাজি হলেন না, ‘দুজনের তুলনা করাটা ভুল হবে। টেন্ডুলকার যা করেছে, সেটার জন্য ভাগ্য লাগে। আর কোহলি বর্তমান যুগে যেভাবে খেলেছে, সেটাও বিশেষ কিছু। দুজন দুই ধরনের। দুজন দুই সময়ের ক্রিকেটার। পরিসংখ্যানের দিকে তাকালে এবং স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে তুলনা করলে বলতে হবে, শচীন সেরা। এরপর হয়তো কোহলিকে বলতে হবে সেরা।’