কোহলি-ধাওয়ান যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির উদ্‌যাপনে শিখর ধাওয়ানের সঙ্গী সতীর্থ বিরাট কোহলি। পরে কোহলি নিজেও পেয়েছেন সেঞ্চুরি। কাল গলে l রয়টার্স
সেঞ্চুরির উদ্‌যাপনে শিখর ধাওয়ানের সঙ্গী সতীর্থ বিরাট কোহলি। পরে কোহলি নিজেও পেয়েছেন সেঞ্চুরি। কাল গলে l রয়টার্স

গলে যে স্পিনারদেরই রাজত্ব থাকবে, সেটা বোঝা গিয়েছিল টেস্টের প্রথম দিনই। কাল দ্বিতীয় দিনেও উইকেটে টার্ন-বাউন্সের কমতি ছিল না, কিন্তু শ্রীলঙ্কার স্পিনাররা সেসব সেভাবে কাজে লাগাতে পারলেন না। দিনটা তাই নিজেদের করে নিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। তৃতীয় উইকেটে দুজনের ২২৭ রানের জুটিই ভারতকে নিয়ে গেছে ৩৭৫ রানে। ১৯২ রানে পিছিয়ে থেকে শেষ বিকেলে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ভারতকে আরেকবার ব্যাট করতে পাঠাতে দরকার আরও ১৮৭ রান। টেস্টের যা পরিস্থিতি তাতে আজ তৃতীয় দিনেই হয়তো স্বাগতিকদের পরাজয় লেখা হয়ে যেতে পারে!
এমনিতে আগ্রাসী হলেও ধাওয়ান-কোহলি কাল শুরু থেকেই বেশ দেখেশুনে খেলছিলেন। সকালে নিজের খেলা প্রথম ৫৬ বলে ১৭ রান করেছেন কোহলি, ধাওয়ানের ১৭৮ রানের সেঞ্চুরিটাও টেস্ট ক্রিকেটে তাঁর ধীরতম। দিন শেষে ধাওয়ানের ব্যাখ্যা, ‘মারতে চাইলেও আমি মারতে পারিনি, কারণ শ্রীলঙ্কার বোলাররা খুব ভালো জায়গায় বল করছিল। উইকেটটা আরেকটু ফ্ল্যাট হলে হয়তো আরও হাত খুলে খেলতে পারতাম।’
রানের গতি অবশ্য তারপরও খুব মন্থর থাকেনি। সেটার মূল ‘কৃতিত্ব’ থারিন্ডু কৌশলের। উইকেটে টার্ন থাকলেও প্রায় প্রতি ওভারেই ফুল টস দিয়েছেন এই অফ স্পিনার। একজন স্পিনারের সঙ্গে ভীষণ রকম বেমানানসুলভ নয়টি নো বলও যেন বলছে, ছন্দ হারিয়ে ফেলেছিলেন কৌশল। তার মধ্যেও শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে তিনিই স্বাগতিকদের সফলতম বোলার, তবে সে জন্য খরচ করতে হয়েছে ১৩৪ রান। তুলনায় অভিজ্ঞ রঙ্গনা হেরাথ ছিলেন একেবারেই নিষ্প্রভ, ৬৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
অধিনায়ক হিসেবে চার টেস্টেই চার সেঞ্চুরি পেয়ে গেছেন কোহলি। তবে ধাওয়ানের কীর্তিটা আরও বড়। বাংলাদেশের সঙ্গে ফতুল্লা টেস্টের পর গলেও পেলেন সেঞ্চুরি। ভারতের হয়ে দেশের বাইরে টানা দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি আছে দুজনের। নাম দুটি শুনলে ধাওয়ান গর্ব করতেই পারেন—সুনীল গাভাস্কার ও রাহুল দ্রাবিড়। ধাওয়ানের ১৩৪ রানে ভাগ্যেরও খানিকটা ছোঁয়া আছে, ২৮ ও ১২২ রানের মাথায় দুবার ক্যাচ দিয়ে বেঁচেছেন। দলীয় ২৫৫ রানে কোহলির আউটের পর শ্রীলঙ্কা অবশ্য ৪৭ রানের ভেতর ৪ উইকেট ফেলে দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু উইকেটকিপার ঋদ্ধিমান সাহার প্রথম ফিফটিতে শেষ পর্যন্ত ভারত বড় লিডই নিয়েছে।
কৌশল-হেরাথ না পারলেও গলের শেষ বিকেলে ঘূর্ণিজাদু ফিরিয়ে আনেন অশ্বিন-মিশ্র। নতুন বলটা দুই স্পিনারের হাতে তুলে দিয়েছিলেন কোহলি এবং প্রথম ২ ওভারেই দুই ওপেনারকে তুলে নিলেন দুজন। ২২.৮ ওভার বল করে অশ্বিন-মিশ্র ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। আর ঠিক ৫৩ ওভার বেশি করে কৌশল-হেরাথ নিয়েছেন ৫ উইকেট। ম্যাচের ভাগ্যটাও বোধ হয় তাতেই লেখা হয়ে গেছে! সনি কিক্স, ক্রিকইনফো।