কোহলি-শাস্ত্রীর কারণেই শাস্ত্র মানছে না আচরণ!

২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়। স্মরণযোগ্য এমন সাফল্যে প্রশংসা বানেই ভাসার কথা ছিল দুজনের। তা নয়, উল্টো অধিনায়ক বিরাট কোহলি ও দলের পরিচালক রবি শাস্ত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড়। সম্প্রতি ভারতীয় দলের অতি-আগ্রাসী আচরণের পেছনে অনেকেই দায়ী করছেন দলে কোহলি-শাস্ত্রীর আগ্রাসী মনোভাব আমদানিকেই।
ভারতীয় খেলোয়াড়দের আগ্রাসনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করেন সঞ্জয় মাঞ্জরেকার। এ ব্যাপারে রীতিমতো উদ্বেগই প্রকাশ করেছেন সাবেক এ ভারতীয় খেলোয়াড় ও ধারাভাষ্যকার। ক্রিকইনফোতে লেখা এক কলামে লিখেছেন, ‘রবি শাস্ত্রী ও বিরাট কোহলির জুটি বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। অস্ট্রেলিয়া সফরের পর থেকে ভারতীয় খেলোয়াড়রা তাদের আচরণের উত্তাপ কমাচ্ছে না। এর পর শ্রীলঙ্কার মতো দলের সঙ্গেও কিছু কুৎসিত বিবাদ বলে দিচ্ছে, এ ঘটনাগুলোকে তারা খারাপ আচরণ বলে বিবেচনাই করছে না।’
লঙ্কান খেলোয়াড়দের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে ৬৫ শতাংশ ম্যাচ ফি জরিমানার পর এক টেস্ট নিষিদ্ধও হয়েছেন ইশান্ত শর্মা। সর্বশেষ টেস্টে ৮ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও তাই সমালোচনার মুখে এই পেসার। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁকে না পাওয়াটা ভারতের জন্য ক্ষতিরই। আচরণ সামলাতে না-পেরে ম্যাচ নিষিদ্ধ হওয়ার যুক্তি খুঁজে পান না মাঞ্জরেকার, ‘হয়তো আগ্রাসী ক্রিকেটের নতুন যে ভাবনা তারা প্রতিষ্ঠা করতে চাইছে, এটা তারই অংশ। যদি তা-ই হয়, আদপে এর ক্রিকেটীয় কোনো অর্থ নেই। বরং এমন আগ্রাসনের কারণে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্মে মূল বোলারটিকেই হারাতে হচ্ছে ভারতীয় দলকে।’
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে দিনেশ চান্ডিমাল-রঙ্গনা হেরাথদের সঙ্গে যেভাবে বিতর্কে জড়িয়েছেন ইশান্ত, তাতে আপত্তি আছে সুনীল গাভাস্কার। ইশান্তের মেজাজ নিয়ে সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি। মাঞ্জরেকার অবশ্য এর পেছনে দলের পরিচালক শাস্ত্রীরও দায় দেখছেন। ‘বয়স কুড়ির কোঠায় থাকা একগাদা তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দলে এমন পরিস্থিতির ক্ষেত্রে বুঝদার, অভিজ্ঞ মানুষের প্রয়োজন।’ তথ্যসূত্র: এনডিটিভি।