কোয়ার্টার ফাইনালে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা, তার ওপর এভাবে লাফ দিলে কি আর নাগাল পাওয়া যায়! জেসন হোল্ডার কাল পারফরম্যান্সেও ছাড়িয়ে গিয়েছিলেন সবাইকে। আমিরাতকে বোলিংয়ে গুঁড়িয়ে দিয়ে হয়েছেন ম্যাচসেরা l এএফপি
এমনিতেই ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা, তার ওপর এভাবে লাফ দিলে কি আর নাগাল পাওয়া যায়! জেসন হোল্ডার কাল পারফরম্যান্সেও ছাড়িয়ে গিয়েছিলেন সবাইকে। আমিরাতকে বোলিংয়ে গুঁড়িয়ে দিয়ে হয়েছেন ম্যাচসেরা l এএফপি

ঘূর্ণিঝড় প্যাম নিয়ে নেপিয়ারবাসী যতটা দুশ্চিন্তায় ছিলেন, তার চেয়ে বেশি দুশ্চিন্তা পেয়ে বসেছিল জেসন হোল্ডারকে। প্রতিপক্ষ সংযুক্ত আর আমিরাত, কোয়ার্টার ফাইনালে খেলতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু জিততে হলে আগে তো ম্যাচটা হতে হবে। আবহাওয়াবিদেরা যে সেই নিশ্চয়তাটুকুই দিতে পারছিলেন না। আমিরাতের চেয়ে বড় প্রতিপক্ষ তাই ছিল ম্যাকলিন পার্কের বিষণ্ন আকাশ, কেঁদে উঠলেই ওয়েস্ট ইন্ডিজের শেষ আটে খেলার স্বপ্নটা ঘোলাটে হয়ে যেত।
শেষ পর্যন্ত অবশ্য আকাশ কাঁদেনি, মাঠে আমিরাতও বাধা হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের সামনে। ৬ উইকেটের সহজ জয়ে শেষ আটের টিকিট পেয়েছে ক্যারিবীয়রা। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিলেন যিনি, সেই তরুণ ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক হোল্ডারই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন জয়ে। জনসন চার্লস আর জোনাথন কার্টারদের ব্যাটে চড়ে মাত্র ৩০.৩ ওভারেই লক্ষ্য ছোঁয়ার আগে আমিরাতকে ১৭৫ রানে থামিয়ে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচসেরাও হোল্ডার।
তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটিতে আসে ৩৩ রান। কিন্তু তিনে নামা মারলন স্যামুয়েলসকে একেবারেই অচেনা ঠেকেছে। প্রথম ১১ বলে মাত্র ১ রান, এর মধ্যে বার দুয়েক বল ছুঁয়ে যায় তাঁর ব্যাটের কানা। শেষ পর্যন্ত ১৮ বলে ৯ রান করে বিদায় নেন মনজুলা গুরুগের বলে। তবে পিঠের চোটে দলের বাইরে থাকা ক্রিস গেইলের বদলি হিসেবে নামা জনসন চার্লস আর জোনাথন কার্টার হাল ধরেন শক্ত হাতে। ৪০ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলে চার্লস বিদায় নিলেও জয় খুব একটা বিলম্বিত হয়নি ওয়েস্ট ইন্ডিজের। কার্টারের অপরাজিত ৫০ আর রামদিনের অপরাজিত ৩৩ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দিশেহারা হয়ে যায় আরব আমিরাত। হোল্ডার আর জেরোম টেলরের তোপে ২৬ রান তুলতেই ৫ উইকেট চলে যায় তাদের। প্রথম ৫ উইকেটের তিনটি হোল্ডারের, দুটি টেলরের। পরে স্বপ্নিল পাতিলের উইকেটটি নিয়ে আমিরাতকে ৪৬/৬ করে দেন হোল্ডার। সেখান থেকে রানটাকে বলার মতো জায়গায় নিয়ে যান আমজাদ জাভেদ ও নাসির আজিজ। এই দুজনের ফিফটি ছাড়া আর একজন আমিরাত ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁয়েছেন, মোহাম্মদ নাভিদ (১৪)।
বিশ্বকাপে নড়বড়ে শুরুর পর শেষ পর্যন্ত শেষ আটে জায়গা করে নিতে পেরে আপাতত স্বস্তিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার। আশাবাদী কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা নিয়েও, ‘অবশ্যই নিউজিল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলছে। তারা কোনো ম্যাচ হারেনি। তবে নিজেদের দিনে আমাদের সামর্থ্য আছে তাদের হারানোর।’ স্টার স্পোর্টস, ক্রিকইনফো।
১০৭
৭ম উইকেটে আমজাদ জাভেদ ও নাসির আজিজের রান। এই জুটি ছুঁয়েছে নিজেদেরই আরেক জুটির বিশ্বকাপ রেকর্ড। এবারের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই জুটিতেই ছিলেন আমজাদ, সঙ্গে শাইমান আনোয়ার। বিশ্বকাপে ৭ম উইকেটে শতরানের জুটি এই দুটিই।
১
সাতে নেমে ফিফটি করেছেন আমজাদ, আটে নেমে আজিজ। সহযোগী দেশগুলোর শেষের ৫ ব্যাটসম্যানের (৭-১১) মধ্যে দুজনের ফিফটি ওয়ানডেতেই এই প্রথম।
৩
কাল নিয়ে তৃতীয়বার শূন্য রানে আউট হলেন কৃষ্ণ চন্দ্রন, এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার।
১
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার ম্যাচসেরা হলেন জেসন হোল্ডার