কৌতূহলের কেন্দ্রে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ড শুরু হচ্ছে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রিকেট একাডেমির মুখোমুখি প্রাইম ব্যাংক। ফতুল্লায় তারুণ্যনির্ভর ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) খেলবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে। তবে নিশ্চিত সবার কৌতূহলের কেন্দ্রে থাকবে বিকেএসপিতে অনুষ্ঠেয় আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচটিই।
আগের সূচি অনুযায়ী, আবাহনী-দোলেশ্বরের ম্যাচ হওয়ার কথা ছিল মিরপুরে। কিন্তু ২৫ মে হঠাৎই অন্য দুই ম্যাচের সঙ্গে ভেন্যু বদলে এটিকে নিয়ে যাওয়া হয়েছে বিকেএসপিতে। এই নিয়ে গত কদিনে নানা আলোচনা-সমালোচনা। ম্যাচের আগের দিন মাঠ বদল নিয়েই বেশি কথা বলতে হলো খালেদ মাহমুদকে। আবাহনীর কোচ সংবাদমাধ্যমের কাছে দাবি করলেন মাঠ বদলের এই সিদ্ধান্ত তাঁদের জন্যও ইতিবাচক নয়, ‘এটা আসলে সিসিডিএমের বিষয়। মাঠ তো আমরা নিয়ন্ত্রণ করি না। এটা আমাদের জন্যও ভালো নয়। কোথায় খেলব কোথায় খেলব না, বিষয়টি আনাই ঠিক না। যেকোনো মাঠেই আবাহনী খেলতে প্রস্তুত।’
অভিযোগ উঠেছে, আবাহনীকে ‘সুবিধা’ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সুবিধা নেওয়ার কথাটা কদিনে বহুবার শুনতে শুনতে খালেদ মাহমুদের যেন বিরক্তিই ধরে গেছে, ‘বারবার কথা হচ্ছে, আবাহনী নাকি সুবিধা নিচ্ছে! আবাহনী কি এতই বাজে দল যে সুবিধা নিতে হবে? দলবদলের পর বলা হলো, কাগজে-কলমে ১ নম্বর দল আবাহনী। তাহলে এতগুলো ম্যাচ আমরা হারলাম কেন?’
আবাহনী যখন মাঠে-মাঠের বাইরে নানা ঘটনায় জেরবার, প্রাইম দোলেশ্বর তখন চনমনে এক দল। ৮ ম্যাচের ৬ জয়ে তাদের সুপার লিগ অনেকটাই নিশ্চিত। অন্যদিকে শেষ ছয় নিশ্চিত করতে ৮ ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া আবাহনীর জন্য লিগের বাকি তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। এই তিন ম্যাচের যেকোনো একটি হারলেই শীর্ষ ছয় থেকে ছিটকে যেতে পারে তারা। স্বাভাবিকভাবেই আজ দোলেশ্বরের চেয়ে বেশি চাপে রয়েছে আবাহনী। এ সুযোগটি কাজে লাগাতে চান দোলেশ্বরের কোচ মিজানুর রহমান, ‘এই ম্যাচ নিয়ে আলাদা ভাবার কোনো কারণ নেই, আবার হালকাভাবে নেওয়ারও কিছু নেই। তবে ওরা আমাদের চেয়ে বেশি চাপে থাকবে। এ ধরনের পরিস্থিতিতে অনেক বেশি ঝুঁকি নিতে হয়। আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলে জিততে।’
আবাহনীর জন্য বড় সুখবর, কাল বিকেলে আইপিএল খেলে দেশে ফিরেছেন তাদের ‘আইকন’ খেলোয়াড় সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের খেলার কথা রয়েছে আজকের ম্যাচে।
আজকের খেলা
প্রাইম ব্যাংক-কলাবাগান সিএ
সকাল ৯টা, মিরপুর
প্রাইম দোলেশ্বর-আবাহনী
সকাল ৯টা, বিকেএসপি
মোহামেডান-সিসিএস
সকাল ৯টা, ফতুল্লা