কী পিচ নিয়ে অপেক্ষা করছে হ্যামিল্টন? স্পিন না পেসবান্ধব?
আগামীকাল শুরু নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের আগে সেডন পার্কের উইকেট কিন্তু রহস্য ছড়াচ্ছে। নিউজিল্যান্ডের সবচেয়ে স্পিনবান্ধব উইকেট, তাই কিউইরা চাচ্ছে প্রথম ম্যাচের একাদশে পরিবর্তন আনতে। ভাবা হচ্ছে একজন বাড়তি স্পিনার খেলানোর কথা।
নিউজিল্যান্ডের ভাবনার পুরো উল্টো দিকে অবস্থান শ্রীলঙ্কার। ডানেডিন থেকে হ্যামিল্টনে এসে উইকেট দেখে পুরোই হকচকিত লঙ্কানরা। উইকেট যে ঘাসে ভরা! অথচ এই ভেন্যুর উইকেটের কথা ভেবেই লঙ্কানরা সফরে এসেছে তিন স্পিনার নিয়ে।
শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রধান কোচ জেরোম জয়ারত্নে হতাশ উইকেট দেখে, ‘যেটুকু জানতাম, তাতে ভেবেছি ম্যাচ যত এগোবে ততই স্পিন ধরবে। কিন্তু আমি এখন বুঝতে পারছি, উইকেট এমনভাবে বানানো হয়েছে যাতে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা সুবিধা পায়। উইকেটে তো লম্বা ঘাস।’
প্রথম টেস্টে কিউই পেসারদের দাপটে অসহায়ভাবেই হেরেছে শ্রীলঙ্কা। তাই হ্যামিল্টনের স্পিনবান্ধব উইকেট আশাই জোগাচ্ছিল দলটাকে। কিন্তু ঘাসের উপস্থিতি জয়ারত্নের কপালে চিন্তার ভাঁজই ফেলেছে।
অন্যদিকে নিউজিল্যান্ড ভাবছে শেষ পর্যন্ত বাড়তি স্পিনার নিতে হলে কাকে বাদ দেওয়া হবে। ডগ ব্রেসওয়েল ও নিল ওয়াগনারের যেকোনো একজনের ওপরই হয়তো পড়বে খাঁড়াটা। বোলিং কোচ দিমিত্রি মাসকারেনহাস অবশ্য বলেছেন, শেষ মুহূর্তে উইকেট দেখেই সিদ্ধান্ত নেবেন মার্ক ক্রেগকে মিচেল স্যান্টনারের স্পিন সঙ্গী করা হবে কিনা, ‘নিতে পারি। উইকেট এখনো দেখিনি। তবে কন্ডিশন অনুযায়ী সেরা একাদশই বেছে নেওয়া উচিত।’ এএফপি, ক্রিকইনফো।