কেয়ার্নসের অস্বীকার
‘আপনি কি ম্যাচ পাতানোতে জড়িত ছিলেন?’
‘না’।
‘অন্য কাউকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন?’
‘না’।
ফিক্সিংয়ে জড়িত থাকা নিয়ে এ রকম আরও অনেক প্রশ্ন হয়েছে। সব প্রশ্নেই ‘না’ বলে গেছেন ক্রিস কেয়ার্নস। অস্বীকার করেছেন তাঁর বিরুদ্ধে চলমান মামলায় ওঠা সব অভিযোগ।
শপথ নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও বিচার প্রভাবিত করার অভিযোগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে মামলা চলছে সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডারের বিরুদ্ধে। যে মামলায় সাক্ষ্য দিতে এসে কেয়ার্নসের সাবেক সতীর্থ লু ভিনসেন্ট সবিস্তারে জানিয়েছিলেন, কীভাবে তাঁকে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন কেয়ার্নস। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও দাবি করেছেন, তিনিও ফিক্সিংয়ে আসার প্রস্তাব পেয়েছিলেন কেয়ার্নসের কাছ থেকে। সর্বশেষ পাঁচ সপ্তাহ আদালতে উপস্থিত থেকে তাঁদের সাক্ষ্য শুনেছেন কেয়ার্নস। অবশেষে কাল আত্মপক্ষ সমর্থনে কাঠগড়ায় দাঁড়িয়েছেন নিজেও। তাঁর বিরুদ্ধে আসা সব অভিযোগ অস্বীকার করে কেয়ার্নস দাবি করেছেন, তিনি কখনোই কোনো সতীর্থকে ফিক্সিংয়ে আসার প্রস্তাব দেননি বা উৎসাহিত করেননি।
তাহলে ম্যাককালামের মতো একজন কেন তাঁকে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে সাক্ষ্য দেবেন—সেই প্রশ্নও উঠেছিল আদালতে। জবাবে কেয়ার্নস শুধু বলেছেন, ‘আমিও সেটা শুনে ধাক্কা খেয়েছি।’ বিবিসি।