কেয়ার্নসের জয়ে ক্রিকেটের হার!
অভিযোগ ছিল শপথ নিয়ে আদালতে মিথ্যা বলা ও বিচারকে প্রভাবিত করার। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত দুটি অভিযোগ থেকেই মুক্তি দিয়েছেন সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস কেয়ার্নসকে। আর এই রায়ের ফলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকেও মুক্তি পেয়েছেন কেয়ার্নস। সাবেক কিউই অলরাউন্ডার তাতে হাঁফ ছেড়ে বেঁচেছেন সন্দেহ নেই, কিন্তু ক্রিকেট থেকে যাবতীয় দুর্নীতি দূর করার লড়াইয়ে এটিকে বড় এক আঘাত বলেই মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্ট অনেকে।
লন্ডনের আদালতে কেয়ার্নসের এই মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এসেছিলেন সাবেক কিউই ক্রিকেটার লু ভিনসেন্টও। বলার অপেক্ষা রাখে না, তাঁদের সবার সাক্ষ্যই ছিল কেয়ার্নসের বিরুদ্ধে। কিন্তু কিছুতেই নাকি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি যে কেয়ার্নস আসলেই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন!
নিউজিল্যান্ড হেরাল্ড-এ কেয়ার্নসের বিরুদ্ধে আইসিসির ম্যাচ ফিক্সিং তদন্তের বিষয়টি নিয়ে যিনি প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিলেন, সেই সাংবাদিক ডাইলিন ক্লিয়েভার এই রায়টাকে দেখছেন ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার পথে একটা বড় আঘাত হিসেবে। তাঁর মতে, ‘কেয়ার্নসের মামলায় তাঁর আইনজীবীরা যেভাবে সাক্ষ্য দিতে আসা ক্রিকেটারদের চরিত্র হনন করেছেন, তাতে ভবিষ্যতে খেলোয়াড়েরা এসব ব্যাপারে সাক্ষ্য দেওয়ার আগে দুবার ভাববে।’
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের যুক্তিও এমনটাই। এখন ক্রিকেট বিশ্লেষক হিসেবে লন্ডন টাইমস-এর সঙ্গে যুক্ত আথারটন বলেছেন, ‘কেয়ার্নসের মামলায় আদালত যে রায়টা দিয়েছেন, তা নিঃসন্দেহে ক্রিকেটের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ওপর প্রভাব ফেলবে। সব মিলিয়ে এ মামলায় যা ফল এসেছে, তাতে খেলোয়াড় থেকে শুরু করে প্রায় সবাই এ ধরনের ব্যাপার আদালতে নিয়ে আসার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে।’
ক্রিকেট ঐতিহাসিক গিডেওন হেই তো প্রশ্ন তুলেছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) বিশ্বাসযোগ্যতা নিয়েই। তিনি মনে করেন, সাবেক ভারতীয় পেসার শ্রীশান্তের বিরুদ্ধে আইপিএলের স্পট ফিক্সিং অভিযোগ প্রমাণ করতে না পারার মধ্য দিয়েই আকসু সুনাম হারিয়েছে। দ্য অস্ট্রেলিয়ান পত্রিকায় এক কলামে হেই লিখেছেন, ‘শ্রীশান্তের মামলাটি প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পর, এই আকসু, যদি তাদের অস্তিত্ব আদৌ থেকে থাকে, নিজেদের ওজন হালকা করে ফেলেছে।’
ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার বিশিষ্ট ক্রিকেট লেখক শিল্ড বেরি মনে করেন, কেয়ার্নসের মামলাটা হচ্ছে, ঘরের দরজা খুলে ভেতরে ঘটতে থাকা অনৈতিক কাজের অস্তিত্ব জানিয়ে দরজাটা মুখের ওপর সজোরে বন্ধ করে দেওয়া। তিনি লিখেছেন, ‘মামলায় কেয়ার্নস নির্দোষ প্রমাণিত হওয়ায় আমরা ভাবছি খেলা স্বচ্ছই আছে। কিন্তু পুরো বিষয়টাতে এত ধোয়া যে আগুন না দেখা গেলেও ফিক্সিং নিয়ে নির্লিপ্ত থাকার কোনো সুযোগই নেই।’ এএফপি।