কেয়ার্নসের বিরুদ্ধে মামলা তুলে নিচ্ছেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেয়ার্নসের বিরুদ্ধে মামলা চালাতে আর আগ্রহী নন মোদি। সংগৃহীত ছবি
কেয়ার্নসের বিরুদ্ধে মামলা চালাতে আর আগ্রহী নন মোদি। সংগৃহীত ছবি

হাতি গর্তে পড়লে পিঁপড়াও লাথি মারতে ছাড়ে না, অনেক প্রচলিত প্রবাদ। অবশ্য ক্রিস কেয়ার্নসের ক্ষেত্রে ব্যাপারটি উল্টো ঘটছে। একের পর এক সুখবর এসে ভিড় করছে তাঁর কাছে। উপযুক্ত প্রমাণের অভাবে ম্যাচ পাতানোর দায় থেকে কদিন আগেই মুক্তি মিলেছে। এবার তাঁর বিরুদ্ধে করা আরেকটি মামলা থেকেও মুক্তি মিলল। কেয়ার্নসের বিপক্ষে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন ললিত মোদি।
আইপিএলের সাবেক চেয়ারম্যান মোদির সঙ্গে কেয়ার্নসের ঝামেলাটা শুরু হয়েছিল ২০১০ সালে। টুইটার পোস্টে এই ভারতীয় সংগঠক দাবি করেছিলেন কেয়ার্নস ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত। কেয়ার্নস তখন মোদির বিপক্ষে মানহানির মামলা করেন এবং সেই মামলায় জয়ী হয়ে ক্ষতিপূরণও আদায় করেন সাবেক এই ক্রিকেটার। কিন্তু পরবর্তীতে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত কেয়ার্নসের বিপক্ষে শপথ নিয়ে মিথ্যা বলা ও বিচার প্রভাবিত করার অভিযোগ আনে। যে মামলায় সাক্ষ্য দিতে এসে কেয়ার্নসের ম্যাচ পাতানোর কথা বলে গেছেন তাঁর সতীর্থ লু ভিনসেন্ট ও ব্রেন্ডন ম্যাককালামরা। নিজের দল ভারী দেখে মোদি আবারও নতুন করে কেয়ার্নসের বিপক্ষে মাঠে নামেন। কেয়ার্নসকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া ১.৫ মিলিয়ন পাউন্ড ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড হেরাল্ডের এই সপ্তাহান্তের সংস্করণ লিখেছে, ওই ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা আর করছেন না মোদি। এই মামলায় কেয়ার্নসের ব্রিটিশ আইনজীবী ররি রবার্টসসন নিউজিল্যান্ড হেরাল্ডের কাছে নিশ্চিত করেছেন, মামলা চালাতে আর আগ্রহী নন-এই মর্মে একটা আবেদন করেছেন মোদি।
কেয়ার্নসের জন্য এই খবরটাও বিশাল স্বস্তির বৈকি!