কেয়ার্নসের হাত ধরেই ফিক্সিংয়ে ভিনসেন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযোগটা প্রথম তুলেছিলেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। দাবি করেছিলেন, বিলুপ্ত হয়ে যাওয়া ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস কেয়ার্নস। কিন্তু ওই অভিযোগ তোলার কারণে ২০১২ সালে মোদির বিরুদ্ধে লন্ডনের আদালতে মানহানির মামলা করে দেন কেয়ার্নস। জিতে ক্ষতিপূরণও পান এক লাখ ৪৭ হাজার ডলার।
পরে অবশ্য ব্রিটিশ কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন কেয়ার্নস। নতুন করে তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে। বেরিয়ে আসে শুধু শপথ নিয়ে আদালতে মিথ্যা বলাই নয়, ফিক্সিংয়েও ভালো রকমই জড়িয়েছিলেন ক্রিস কেয়ার্নস। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে চলমান মামলায় গতকাল সাক্ষ্য দিতে এসে কেয়ার্নসের একসময়ের সতীর্থ লু ভিনসেন্টও শুনিয়েছেন, কীভাবে তাঁকে ম্যাচ পাতানোয় জড়িয়েছিলেন কেয়ার্নস।
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া ভিনসেন্টের সাক্ষ্য অনুযায়ী, আইসিএলে চণ্ডীগড় লায়ন্সের হয়ে খেলার সময় তিনি ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন এবং সেই সময় দলটির অধিনায়ক কেয়ার্নসের নির্দেশে চারটি ম্যাচে ইচ্ছে করে খারাপ খেলেছেন।
ভিনসেন্টের দাবি, বরুণ গান্ধী নামে এক ভারতীয় জুয়াড়ি তাঁকে প্রথম ফিক্সিংয়ে জড়িত হওয়ার প্রস্তাব দেন। ভিনসেন্টকে ম্যাচপ্রতি নগদ অর্থ ও একজন পতিতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন গান্ধী। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভিনসেন্ট ব্যাপারটা জানান কেয়ার্নসকে। কিন্তু পরে জানতে পারেন গান্ধী আর কেয়ার্নস আসলে একই দলে। ব্যক্তিগত জীবনে সেই সময়ে নানা টানাপোড়েনের মধ্যে থাকা ভিনসেন্ট খুব বেশি দিন প্রস্তাব অগ্রাহ্য করে থাকতে পারেননি। জড়িয়ে পড়েন অন্ধকার জগতে। আদালতে ভিনসেন্ট বলেছেন, ‘কেয়ার্নস আমাকে সরাসরি নির্দেশ দিয়েছিল ফিক্সিংয়ে জড়াতে।’ সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার নাকি তখন ভিনসেন্টকে এও বলেছিলেন, ‘এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে।’
ভিনসেন্টের দাবি অনুযায়ী, তিনি ও কেয়ার্নস ছাড়াও আইসিএলে ফিক্সিংয়ে জড়িত ছিলেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান দিনেশ মঙ্গিয়া ও সাবেক নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যারিল টাফি।
শপথ নিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে কেয়ার্নসের। এএফপি।