কোচ কেন, যাওয়া উচিত খেলোয়াড়দেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বন্দ্বটা এমন জায়গায় পৌঁছেছিল যে সেখান থেকে একটাই সম্ভাব্য সমাধান ছিল। হয় কোচ অনিল কুম্বলেকে ইস্তফা দিতে বাধ্য করা, নয়তো বিরাট কোহলিকে অধিনায়কের দায়িত্ব থেকে সরানো। শেষ পর্যন্ত কোচই সসম্মানে সরে গেলেন। কিন্তু অনিল কুম্বলের মতো একজনকে এভাবে চলে যেতে হচ্ছে দেখে খুবই খেপেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার। সর্বকালের অন্যতম সেরা এই ওপেনার মনে করেন, যেসব খেলোয়াড়ের কারণে কুম্বলেকে পদত্যাগ করতে হয়েছে, তাঁদেরই দল থেকে বাদ দেওয়া উচিত।

একটা ব্যাপার ভেবে পাচ্ছেন না গাভাস্কার, ভারত দলের যে খেলোয়াড়েরা কোচ হিসেবে কুম্বলেকে আর দেখতে চাননি, তাঁরা আসলে কী চান? এমন একজন কোচ, যিনি অনুশীলনের কথা না বলে খেলোয়াড়দের বলবেন শপিংয়ে যেতে? তাঁর দুঃখ, কুম্বলের মতো কঠোর পরিশ্রমে বিশ্বাসী একজন কোচ ভারতীয় দলের দায়িত্বে থাকতে পারলেন না!

কুম্বলের পদত্যাগের খবর শুনে গাভাস্কার ক্ষোভের সঙ্গেই বলেছেন, ‘তাহলে তারা (ভারতীয় দলের ক্রিকেটাররা) নরম কাউকেই চায়। এমন একজনকে তারা চায়, যে বলবে, “ঠিক আছে, আজ অনুশীলন করতে হবে না। তোমরা হয়তো একটু ক্লান্ত। ঠিক আছে আজ তোমাদের ছুটি। দল বেঁধে শপিং করে আসতে পারো।” খেলোয়াড়েরা এমনই চাইছে। অনিল কুম্বলের মতো একজন কোচ, যে পরিশ্রম করতে ও করাতে পছন্দ করে, গত এক বছরে যে দলকে ভালো করতে সহায়তা করেছে, আপনি চাইবেন, এমন কেউই দলের কোচ হিসেবে থাকুক। কিন্তু যেসব খেলোয়াড় তার বিরুদ্ধে নালিশ দিয়েছে, তাদের দল থেকে বাদই দেওয়া উচিত।’

কুম্বলেকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি ছিল অধিনায়ক বিরাট কোহলির। গাভাস্কারের বক্তব্য অনুযায়ী, দল থেকে তাহলে সবার আগে বাদ পড়েন কোহলি। তবে কিংবদন্তি ব্যাটসম্যান সরাসরি এ দাবিটা তোলেননি, ‘আমি জানি না কোহলির সঙ্গে কুম্বলের কী হয়েছে! তবে কুম্বলের পদত্যাগ ভারতীয় ক্রিকেটে একটা বাজে উদাহরণ হয়ে থাকবে।’

অধিনায়কের সঙ্গে কোচের মতপার্থক্যে কোনো সমস্যা দেখেন না গাভাস্কার, ‘গত এক বছরে আমি কুম্বলের কাজে কোনো সমস্যা দেখিনি। এই সময় ভারত সম্ভব সবকিছুই জিতেছে। দলে মতের অমিল থাকতেই পারে। কিন্তু যতক্ষণ দল ভালো করছে, ততক্ষণ কোনো সমস্যা আমি দেখি না।’

পুরো ব্যাপারটায় গাভাস্কার খুবই হতাশ, ‘অনিলের নিশ্চয়ই সরে দাঁড়ানোর কারণ ছিল। আমি মনে করেছিলাম, অনিল হয়তো থেকে যাবে। যেখানে সিএসি (ক্রিকেট উপদেষ্টা কমিটি) তার প্রতি আস্থা দেখিয়েছে, সেখানে তার কোচ হিসেবে থেকে যাওয়াই উচিত ছিল। আশা করি, সে আরও শক্তিশালী হয়ে ফিরবে। এই প্রথম আমি দেখলাম, অনিল কুম্বলের মতো একজন লড়াকু সৈনিক রণে ভঙ্গ দিচ্ছে।’ এএফপি