কোচ নন রবি শাস্ত্রী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কোচ নিয়ে নাটক, বিভ্রান্তি
ভারতের কোচ নিয়ে নাটক, বিভ্রান্তি

কোচ নিয়ে ভারতে চলছে মহানাটক। বারবার বদলে যাচ্ছে দৃশ্যপট। আজ রবি শাস্ত্রীর নাম কোচ হিসেবে ঘোষণা করার কয়েক ঘণ্টা পর তা অস্বীকার করে বসল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের বরাতে এই খবর দিয়েছিল ভারতের সব প্রধান সংবাদমাধ্যম। এখন খবর প্রত্যাহার করে নিতে হচ্ছে তাদের সংশোধনী দিয়ে। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র ধরে বাকি ক্রিকেট বিশ্বেও ছড়িয়ে পড়েছিল খবরটি।

গতকাল ভারতের কোচের পদে আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পর উপদেষ্টা কমিটি জানিয়েছিল এখনই অনিল কুম্বলের উত্তরসূরির নাম ঘোষণা করবেন না তাঁরা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলাপ করেই এ ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ২৪ ঘণ্টা পরেই জানা গেল শাস্ত্রীর নাম। এই সংবাদটি প্রকাশের কিছু ক্ষণের মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। জানানো হয়, এখনো কোচ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভারতীয় গণমাধ্যম এখন রীতিমতো বিভ্রান্তির মধ্যে। কয়েকটি সংবাদমাধ্যম তো পাঠকদের কাছে এ নিয়ে দুঃখও প্রকাশ করেছে।
এ ব্যাপারে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীকে উদ্ধৃত করে ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে কে বসছেন, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অমিতাভ আরও জানিয়েছেন ‘সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের উপদেষ্টা কমিটি এখনো এ ব্যাপারে নিজেদের মধ্য আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। সংবাদমাধ্যমে কোচ নিয়োগের যে খবর বেরিয়েছে তা সত্যি নয়।’