কোচ নাটক যেন বাজে চিত্রনাট্যের বলিউডি সিনেমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক নাটকের পর ভারতের কোচ হয়েছেন রবি শাস্ত্রী। ফাইল ছবি
অনেক নাটকের পর ভারতের কোচ হয়েছেন রবি শাস্ত্রী। ফাইল ছবি

প্রিয় রবি শাস্ত্রীকেই সঙ্গী পেলেন বিরাট কোহলি। এবার আর কোনো কেতাবি টিম ডিরেক্টর পদ নিয়ে নয়, কোচ হিসেবেই কোহলিদের দেখভাল করবেন শাস্ত্রী। সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ের গঠিত বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি দলের দায়িত্ব তুলে দিয়েছেন শাস্ত্রীর কাঁধে। তবে এমন সিদ্ধান্তে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে উপদেষ্টা কমিটিকে। কাল একই দিনে ভারতের কোচ নিয়োগসংক্রান্ত তিনটি খবর এল তিন সময়ে। কুম্বলের সরে যাওয়ার গুঞ্জন থেকে যে নাটকের শুরু, তারই সফল সমাপ্তি যেন ঘটল নাটকীয়তায় ভরা এক দিনে শাস্ত্রীর কোচ হিসেবে নিয়োগ পাওয়া।

গত বছর এই উপদেষ্টা কমিটিই ঢাকঢোল পিটিয়ে অনিল কুম্বলেকে বেছে নিয়েছিল। কুম্বলের অধীনে সাফল্য পেয়েছে ভারত। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেই হঠাৎ দমকা হাওয়া টের পাওয়া গেল। কোহলির সঙ্গে নাকি ব্যক্তিত্বের সংঘাত হচ্ছে কোহলির! টুর্নামেন্ট শেষ হওয়ার পর সে গুঞ্জনই সত্যি হয়ে এসেছে। প্রায় দুই মাস চলা নাটকের ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছে জি নিউজ। কোচ নিয়ে চলা এই নাটক বলিউডি মেলোড্রামার চেয়ে কোনো অংশে কম নয়!

২৫ মে

সফল একটি বছর কাটিয়েছে ভারত। এ অবস্থায় কুম্বলের চুক্তি নবায়নের খবরই আসার অপেক্ষায় সবাই, এমন অবস্থায় বোমা ফাটাল বিসিসিআই। কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়ে বসল বোর্ড। ভারতের কোচ হতে আগ্রহ প্রকাশ করেন বীরেন্দর শেবাগ, টম মুডি ও রিচার্ড পাইবাসের মতো বিখ্যাত সব নাম। কোহলির সঙ্গে কুম্বলের দ্বন্দ্বের কথাও জানা যায় তখন।

৩ জুন

চ্যাম্পিয়নস ট্রফির সংবাদ সম্মেলনে কুম্বলের সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উড়িয়ে দিলেন কোহলি। তাঁর দাবি, মতের অমিল হতেই পারে মানুষের। তাই বলে না জেনে আজেবাজে গুজব সৃষ্টি করা কিংবা খবর বানানো কখনোই উচিত নয়।

১২ জুন

পরিচালক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই নিশ্চিত করলেন, ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত কুম্বলেই কোচ থাকছেন।

২০ জুন

ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের পথে বিমানে চড়লেও কুম্বলে সঙ্গী হলেন না। আইসিসির মিটিংয়ে অংশ নিতে কুম্বলে রয়ে গেলেন। এরপরই বিস্ময় জাগিয়ে পদ থেকে সরে গেলেন। কারণ হিসেবে বললেন, তাঁর কোচিং পদ্ধতিতে কোহলিরা অসন্তুষ্ট হওয়াতেই এমন সিদ্ধান্ত।

জুন ২৩

কুম্বলে সরে যাওয়ায় কোচ হিসেবে আবেদনের তারিখ ৯ জুলাই পর্যন্ত বাড়িয়ে নিল বোর্ড। লাল চাঁদ রাজপুত (যিনি প্রাথমিকভাবে আবেদন জানিয়েছিলেন) এ কথা শুনে বোর্ডকে ধুয়ে দিলেন নতুন করে আবেদন চাওয়ায়।

৩ জুলাই

কুম্বলে সরে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে আবেদন জানালেন শাস্ত্রী। খবর ছড়ায়, শচীন টেন্ডুলকারই তাঁকে কোচ হওয়ার অনুরোধ জানিয়েছেন।

১০ জুলাই

উপদেষ্টা কমিটি পাঁচ প্রার্থীর সঙ্গে কথা বলারও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। গাঙ্গুলী জানালেন, অধিনায়ক কোহলির সঙ্গে কথা না বলে কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না তাঁরা।

১১ জুলাই: ঘটনা ১

দ্য হিন্দু পত্রিকার দাবি, সিওএ চেয়ারম্যান রাই বিসিসিআইকে বলেছেন, সেদিনই কোচের নাম ঘোষণা করার জন্য।

১১ জুলাই: ঘটনা ২

শাস্ত্রীই কোচ হচ্ছেন—এ সংবাদ প্রকাশ করে ভারতের বড় বড় সব সংবাদমাধ্যম।

১১ জুলাই: ঘটনা ৩

শাস্ত্রীর নিউজ ছড়িয়ে পড়ার পরই বোর্ড সচিব অমিতাভ চৌধুরী চমকে দিলেন সবাইকে। তাঁর দাবি, উপদেষ্টা কমিটি আনুষ্ঠানিকভাবে কোচের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সে কারণেই নিশ্চিত কিছু বলতে রাজি নয় বোর্ড।

১১ জুলাই: ঘটনা ৪

দিন শেষ হতেই নাটকও শেষ হলো। শাস্ত্রীই হলেন ভারতের নতুন কোচ। তবে নাটকে বাড়তি মসলা জোগাতে জহির খানকেও যোগ করা হলো ভারতীয় দলের সঙ্গে। বোলিং কোচ হিসেবে শুধু জহিরই নন, রাহুল দ্রাবিড়কেও রাখা হলো ব্যাটিং পরামর্শক হিসেবে।