কোচ নিজেই নেমে পড়লেন মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুল হাসান ৫৯ রান ও ৫/২৭
মাহমুদুল হাসান ৫৯ রান ও ৫/২৭

ফিরলেন খালেদ মাসুদ। অবসরের তিন বছর পর বাংলাদেশের সাবেক অধিনায়ক কাল আবার ম্যাচ খেললেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি যে মাঠে সর্বশেষ ঢাকা লিগের ম্যাচ খেলেছিলেন সেই ফতুল্লাতেই কাল আবার ব্যাট-প্যাড নিয়ে নেমে গেলেন মাসুদ। আসলে বাধ্য হয়েই কাল খেলতে হয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমির কোচকে। একাদশ নামাতে গিয়ে একজন খেলোয়াড় কম হয়ে গিয়েছিল, বাধ্য হয়েই মাঠে নেমে পড়তে হয় মাসুদকে। নিজের সাবেক দল মোহামেডানের বিপক্ষে অবশ্য মাত্র ১ রান করতে পেরেছেন। তবে তাঁর অধিনায়ক মাহমুদুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে মাত্র ১৪৩ রান করেও ৭৯ রানের বড় জয় পেয়েছে একাডেমি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ব্যাট হাতে ৫৯ রান করার পর অফ স্পিনে নিয়েছেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগে কালই ক্যারিয়ার-সেরা পারফরম্যান্স করলেন ২৪ বছর বয়সী অলরাউন্ডার। মাহমুদুলের সঙ্গে নাবিল সামাদ, বিশ্বনাথ হালদাররা মিলেই মোহামেডানকে মাত্র ৬৪ রানে অলআউট করে মনে রাখার মতো এক জয় এনে দিয়েছেন কলাবাগানকে।
টস জিতে ব্যাট নিয়ে ভালোই খেলছিল কলাবাগানের দলটি। ২৪.৫ ওভারে ৩ উইকেটে ১১১, সেখান থেকেই ৭১ বলের মধ্যে ৩২ রান তুলতেই অলআউট দলটি। শেষ সাত ব্যাটসম্যানের ছয়জনই হয়েছেন এলবিডব্লু। পরে মোহামেডানের তিন ব্যাটসম্যানও এলবিডব্লুর ফাঁদে পড়েছেন। ২৬.৪ ওভারে অলআউট হওয়া দলটির হয়ে দুই অঙ্কও ছুঁতে পারেননি কেউ। মোহামেডানের ৬৪ বাংলাদেশে লিস্ট ‘এ’ ম্যাচে অষ্টম সর্বনিম্ন স্কোর। লিগে একাডেমির এটা দ্বিতীয় জয়, মোহামেডানের দ্বিতীয় হার।
কাল বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ওপেনার সৈকত আলী (৯০) ও তাইবুর পারভেজের (৫৬) ফিফটিতে অলআউট হওয়ার আগে ২৪১ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ২০০ রানে অলআউট হয়ে টানা চতুর্থ হারের স্বাদ নেয় ওল্ড ডিওএইচএস।
বিকেএসপির আরেক মাঠে পারটেক্সকে ৭১ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। দলটির হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন শামসুর রহমান। প্রথম তিন ম্যাচে ৫২, ৫৪ ও ৭৭ রান করার পর এই ৮২। জাতীয় দল থেকে বাদ পড়ার পর শামসুরের ব্যাটে উন্নতিরই ছোঁয়া।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-কলাবাগান একাডেমি, ফতুল্লা
কলাবাগান একাডেমি: ৩৬.৪ ওভারে ১৪৩ (মাহমুদুল ৫৯, ইরফান ১৯, ইমতিয়াজ ১৯; অমিত ৪/২৭, নাঈম ৩/৩১)। মোহামেডান: ২৬.৪ ওভারে ৬৪ (সায়েম ৮, আলাউদ্দিন ৮; মাহমুদুল ৫/২৭, বিশ্বনাথ ২/৮, নাবিল ২/২১)।
ফল: কলাবাগান একাডেমি ৭৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদুল হাসান।
পারটেক্স-কলাবাগান কেসি, বিকেএসপি ৩
কলাবাগান কেসি: ৫০ ওভারে ২৩৯/৬ (শামসুর ৮২, মুবারক ৪২, তাসামুল ৩৪*, জুপিটার ৩২; রাজিন ২/২৪, নুরুজ্জামান ২/৩৯)। পারটেক্স: ৪৮.২ ওভারে ১৬৮ (শফিউল ৪৫, মেহরাব জু. ২৯, সিলভা ২৫, নুরুজ্জামান ২৫; রকিুবল ৩/২২, রাব্বী ২/১৩, রাজ্জাক ২/৩০)।
ফল: কলাবাগান কেসি ৭১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শামসুর রহমান।
প্রাইম ব্যাংক-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি ৪
প্রাইম ব্যাংক: ৪৯.৩ ওভারে ২৪১ (সৈকত ৯০, তাইবুর ৫৬, মুনাবীরা ২৬; শহীদুল ২/৪৫)। ওল্ড ডিওএইচএস: ৪৩ ওভারে ২০০ (সজীব ৫৭, শাফাক ৩৫, শানাজ ৩২; তাপশ বৈশ্য ৩/৩২, ফোরকান ২/১৫, এনামুল জু. ২/৩৪, তাইজুল ২/৭০)।
ফল: প্রাইম ব্যাংক ৪১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৈকত আলী।