কোচ নিয়ে বিসিবি যা ভাবছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল সিমন্স রীতিমতো আঁতকেই উঠলেন! বেলা তিনটায় প্রেজেন্টেশন শেষে যখন হোটেলে ফিরবেন, বিসিবি কার্যালয়ের সামনে তাঁকে ঘিরে ধরল সংবাদমাধ্যম। হঠাৎ এত ক্যামেরা, এত সাংবাদিক দেখে একটু যেন ভড়কেই গেলেন জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সাবেক এই কোচ! 

সিমন্স বাংলাদেশ দলের কোচ হবেন কি না, সেটির নিশ্চয়তা নেই। এখন তো অনিশ্চয়তার মেঘ কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রিচার্ড পাইবাসের ওপরও। বাংলাদেশ দলের কোচ নিয়োগে বিসিবি যে তাড়াহুড়ো করতে চায় না, সেটি আবারও পুনরাবৃত্তি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বিসিবির বোর্ড সভায় আজ সিদ্ধান্ত, দ্রুত সময়ে কোচ নিয়োগ চূড়ান্ত না হলে অধিনায়কদের সঙ্গে বর্তমান কোচিং স্টাফ চালিয়ে নেবে জানুয়ারিতে শ্রীলঙ্কা-সিরিজটা। আর পুরো দলকে তত্ত্বাবধান করতে দায়িত্ব দেওয়া হবে বোর্ডের একজন পরিচালককে। নাজমুল বললেন, ‘পরের সিরিজ শুরুর আগে আমরা যদি কাউকে চূড়ান্ত করতে না পারি কিংবা চূড়ান্ত করলাম, হয়তো সে পরে এল। আমাদের এখন যে কোচিং স্টাফ আছে; সঙ্গে বোর্ড থেকে কাউকে তত্ত্বাবধান করতে দেব। এই সিরিজের জন্য কাউকে প্রধান কোচ করার কোনো দরকার নেই। মূল দায়িত্ব অধিনায়ক ও আমাদের এখন যে কোচিং স্টাফ আছে রিচার্ড হ্যালসাল, সুনীল যোশি, কোর্টনি ওয়ালশ। যারা যারা আছে, তাদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া এবং বোর্ড থেকে কাউকে তত্ত্বাবধান করতে দেব।’
বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহে সাক্ষাৎকার দিয়ে গেছেন দুজন। বিসিবি সভাপতি জানালেন, কোচ হতে আগ্রহী আরও দুজন জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন আজ। এরই মধ্যে কোচের সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে শিগগিরই।
বোর্ড সভায় দপ্তর বণ্টন হয়েছে নবনির্বাচিত পরিচালনা পর্ষদেরও। ২১ কমিটির পরিবর্তন আনা হয়েছে ছয়টিতে। বাকি ১৪টি অপরিবর্তিত। হাই পারফরম্যান্স কমিটিতে নতুন করে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান, গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম, আম্পায়ারস কমিটিতে এসেছেন সাইফুল আলম স্বপন চৌধুরী। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিজের (সিসিডিএম) প্রধান হয়েছেন কাজী এনাম আহমেদ। নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী, বিপণন ও বাণিজ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ সোহেলকে।