কোচ হতে চান রাজ্জাক

ব্যাট-বলে সেই আগের ধারটা নেই। দলেও ঠাঁই হয় না নিয়মিত। সর্বশেষ দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছর অক্টোবরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিদায়ের ঘণ্টা বুঝি বেজেই গেল আবদুল রাজ্জাকের! এটি ভেবেই কিনা পাকিস্তান অলরাউন্ডারের সিদ্ধান্ত, খেলোয়াড়ি জীবন শেষে নতুন ভূমিকায় নামবেন। শুরু করবেন কোচিং ক্যারিয়ার।
কোচিং রাজ্জাকের আগ্রহেরই বিষয়, ‘হ্যাঁ, আমি কোচিংয়ে আগ্রহী। কারণ, তরুণদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। আমি দুটি কোচিং কোর্স করছি। এ ভূমিকায় অবতীর্ণ হওয়াটা হবে খুবই মজার ও চ্যালেঞ্জিং। ভালো অলরাউন্ডার এবং একই সঙ্গে আধুনিক ক্রিকেটে খুবই জরুরি অনুষঙ্গ মারকুটে ব্যাটসম্যান হওয়ার উপায় তরুণদের শেখাতে পারলে ভালো লাগবে।’
৪৬ টেস্টে ১৯৪৬ রান ও ১০০ উইকেট শিকারি এ অলরাউন্ডার জানালেন, ‘আমার ঈশ্বর প্রদত্ত দক্ষতা রয়েছে। সেটি অপচয় করতে চাই না। এখন আমাকে কী করতে হবে, সেটি ভালোই জানি। এখনো আমার ধ্যানজ্ঞান ক্রিকেট। এখনো আমি নিজেকে প্রমাণ করতে চাই। সবাইকে দেখিয়ে দিতে চাই এখনো পাকিস্তানের হয়ে খেলতে পারি।’
ফিটনেসজনিত কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন। তবে এখনো রাজ্জাকের চোখে খেলছে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলার স্বপ্ন। বললেন, ‘এখন পুরোপুরি ফিট। ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচও খেলেছি। আগামী বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনো ফিকে হয়ে যায়নি।’
অবশ্য বয়স একটা বাধা হতে পারে ডান হাতি এ অলরাউন্ডারের জন্য। ৩৪ বয়সী ডান হাতি এ প্রসঙ্গে বললেন, ‘আশা হারাইনি। ফিট থাকলে বয়স কোনো বাধা নয়। আমি সব সময়ই সাফল্যের জন্য সাফল্যের জন্য মুখিয়ে আছি। জাতীয় দলে ত্রিশোর্ধ্ব অনেক খেলোয়াড় রয়েছে। পারফর্ম করতে পারলেই সব ঠিক।’ সূত্র: পিটিআই।