কোচকে হটাও রব উঠেছে পাকিস্তানে

পাকিস্তান ক্রিকেট দল খারাপ করবে আর সাবেকরা খেপে উঠবেন না, তা কী করে হয়! তার ওপর হারটা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে! চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শোচনীয় হারের পর দায়ভার কোচ মিকি আর্থারের ওপর চাপিয়ে কোচকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক তারকা মোহাম্মদ ইউসুফ।
নিয়মিত দেখা না হলেও এর মধ্যে যতবার দেখা হয়েছে, পাকিস্তানের সঙ্গে নিজেদের দূরত্বটা ভালোমতোই বুঝিয়ে দিয়েছে ভারত। গত তিন বছরে মুখোমুখি একটি ম্যাচেও পাকিস্তান জেতেনি। সেই পরাজয়গুলোও নিঃশর্ত আত্মসমর্পণ ছিল পাকিস্তানের জন্য।
ইউসুফের কণ্ঠে সেই জ্বালা, ‘ভারতের বিপক্ষে এমন বাজে হার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ভারতকেই তো অতীতে অনেকবার হারিয়েছে পাকিস্তান।’
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও পাকিস্তানের অবস্থান আট। এটাও ক্ষোভের বড় একটা কারণ। ৪২ বছর বয়সী ইউসুফের দৃষ্টিতে এজন দায়ী কোচই, ‘যেহেতু আর্থার পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সুতরাং সময় এসেছে তাঁকে সরিয়ে দেওয়ার।’
দুনিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ বিরক্তি প্রকাশ করেছেন এজবাস্টনে ভারতের বিপক্ষে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়েও। জুনায়েদ খানকে না খেলানোর কারণ হিসেবে কোচ যা বলেছেন, ইউসুফের সেই যুক্তি পছন্দ হয়নি, ‘জুনায়েদ আর হাসান আলীকে একই ধরনের বোলার কীভাবে বলেন কোচ! দুজন ভিন্ন স্টাইলের বোলার। একজন বাঁ হাতি ফাস্ট বোলার, আরেক জন ডান হাতি। কোচ যদি এই দুজনের মধ্যে কোনো মিল খুঁজে পান, সেটি হাস্যকর।’