
অনেক সিদ্ধান্তই অপেক্ষমাণ তাঁর জন্য। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলোয়াড় বাছাই ও কোচ নিয়োগ, নতুন কাঠামোর নির্বাচক কমিটিতে তাঁর নিজের ভূমিকা, মুস্তাফিজুর রহমান কাউন্টি খেলতে যাবেন কি যাবেন না—সব ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মতামতের ওপর। অবশেষে হচ্ছে অপেক্ষার অবসান। বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে আজ রাতে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরছেন শ্রীলঙ্কান এই কোচ।
এইচপি ইউনিটের সম্ভাব্য প্রধান কোচের তালিকায় ভারতের রবিন সিংয়ের সঙ্গে আছে তিন শ্রীলঙ্কান মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের নাম। তাঁদের মধ্যে সম্ভবত আতাপাত্তুই পেতে চলেছেন দায়িত্বটা। তবে শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়কের সঙ্গে চুক্তিসংক্রান্ত বিষয়গুলো বিসিবি চূড়ান্ত করবে হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করে। এইচপির কোচ কাকে করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সময়ও নাকি গুরুত্ব পেয়েছে হাথুরুসিংহে কাকে পছন্দ করবেন, সেটা।
আগামী ১০ জুলাই শুরু হতে যাওয়া এইচপি ক্যাম্পের জন্য ২৭ জন খেলোয়াড়ের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে ফারুক আহমেদের নির্বাচক কমিটি। কিন্তু বোর্ডে জমা দেওয়ার আগে তাঁরাও চান তালিকাটা কোচকে দেখিয়ে নিতে। কারণ, জাতীয় দলের অনুশীলন ক্যাম্পও শুরু হওয়ার কথা জুলাই মাসে। তালিকার কাউকে যদি জাতীয় দলের ক্যাম্পে রাখতে চান কোচ, তাঁকে তখন আর এইচপিতে রাখা হবে না। এইচপির বেশির ভাগ খেলোয়াড় এবার তরুণ হলেও দু-একজন আছেন জাতীয় দলের।
নির্বাচক কমিটি পুনর্গঠন নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। শেষ পর্যন্ত কাঠামোটা যা-ই দাঁড়াক, কমিটিতে কোচের আসাটা একরকম নিশ্চিত। তারপরও বোর্ড সভায় অনুমোদনের আগে হাথুরুসিংহের মতামত প্রয়োজন এখানেও। কমিটিতে তাঁর ভূমিকা কী হবে, দল নির্বাচনের কোন পর্যায়ে তাঁর অংশগ্রহণ থাকবে এবং নির্বাচক হিসেবে মাঠে গিয়ে খেলা দেখার বিষয়ে তাঁর সঙ্গে কথা বলবে বোর্ড।
আইপিএল-ফেরত মুস্তাফিজুর রহমানের কাউন্টি খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতেও কোচের মতামত শুনতে চায় বিসিবি। মুস্তাফিজের শারীরিক ফিটনেসে তেমন একটা সমস্যা নেই বলেই জানা গেছে। তবে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে টানা ম্যাচ খেলে তাঁর মানসিক অবসাদ আসাটা স্বাভাবিক। সে কারণেই ইংল্যান্ডে পাঠানোর আগে কোচের মতামত জানবে বোর্ড।