কোচের সঙ্গে ঝগড়া করে কেঁদেই ফেললেন এনামুল
চার ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক। বাদ পড়ার যৌক্তিক কারণও ছিল। টপ অর্ডারে সুযোগ পেয়ে করেছেন মাত্র ৪১ রান। এরপর জেমকন খুলনা সুযোগ দেয় তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানকে। সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই ফিফটি করে ম্যাচ জেতান জাকির।
এরপর থেকে দলের সঙ্গে অনুশীলন করেই সময় কাটছে এনামুলের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সেই অনুশীলনেই ঝামেলায় জড়ান এই উইকেটকিপার ব্যাটসম্যান। নেটে ব্যাটিংয়ের সুযোগ না পেয়ে কোচ মিজানুর রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এনামুল।
এ ব্যাপারে খুলনার ম্যানেজার নাফিস ইকবালকে জিজ্ঞাসা করা হলে তিনি বেশি কিছু বলতে চাইলেন না, শুধু বললেন, ‘তেমন কিছু হয়নি।’
সাধারণত, নেট সেশনের শুরুতে পরের ম্যাচের সম্ভাব্য ওপেনারদেরই সুযোগ দেওয়া হয়। জাকির হাসান ও ইমরুল কায়েস সে হিসাবেই শুরুতে ব্যাট করতে নামেন। নতুন বলে সাধারণত পেসাররাই বল করেন। আল আমিন, শহিদুল ইসলামরা ছিলেন বোলিংয়ে।
টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে এনামুলেরও হয়তো প্রত্যাশা ছিল নেট সেশনের শুরুতে পেসারদের বিপক্ষে অনুশীলনের। কোচের পরের ম্যাচের পরিকল্পনায় না থাকায় হয়তো এনামুল নেটে জায়গা পাননি। এনামুলের হতাশার কারণ সেটিই হতে পারে। এ নিয়ে প্রায় ১০ মিনিটের মতো কোচের সঙ্গে এনামুলের কথার যুদ্ধ চলে। গ্লাভস, ব্যাট ছুড়েও ফেলেন বেশ কয়েকবার। হতাশ হয়ে একপর্যায়ে কেঁদেও ফেলেন।
খুলনার ম্যানেজার নাফিস ইকবাল এসে পরিস্থিতি সামাল দেন। দুজনকে আলাদা করেন তিনিই। কোচ দূরে সরে গেলে নাফিসের সঙ্গেও নিজের হতাশার কথা বলেন এনামুল।
কিছুক্ষণ পর কোচ মিজানুর আবার এলে কথার যুদ্ধে জড়ান এনামুল। নাফিসকে এবারও ‘রেফারি’র ভূমিকা পালন করতে হয়। এ ব্যাপারে নাফিসকে জিজ্ঞাসা করা হলে তিনি বেশি কিছু বলতে চাইলেন না, শুধু বললেন, ‘তেমন কিছু হয়নি।’
মিনিট দশেক পর নেটে ব্যাট করার সুযোগ পান এনামুল। কী দুর্ভাগ্য, ব্যাটিংয়ে নেমে বলের আঘাত পান তিনি! পেসার খালেদ আহমেদের বল হাতে লাগায় মাঠ ছাড়েন এই উইকেটকিপার ব্যাটসম্যান।