কোটি টাকার গাড়ি 'উপহার' পেলেন জাদেজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টি ভালো যায়নি রবীন্দ্র জাদেজার। শিগগিরই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। তার আগে এমন পড়তি ফর্ম চিন্তায় ফেলে দিতেই পারে। কিন্তু এই ভারতীয় অলরাউন্ডারের মন ভালো করে দিয়েছেন তাঁর হবু শ্বশুর। বিয়ে উপলক্ষে হবু জামাতাকে কোটি টাকার একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি।
আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। ঘরোয়া টি-টোয়েন্টির ভরা মৌসুমেই নিজের বিয়ের লগ্ন ঠিক করে ফেলেছেন জাদেজা। ১৭ এপ্রিল বিয়ে। পাত্রী রীভা সোলাঙ্কি একজন সরকারি চাকুরে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও। পাত্রীর বাবা ধনাঢ্য ঠিকাদার হারদেব সিংহ সোলাঙ্কি। বিয়ে উপলক্ষে জামাতাকে অডি কিউ-৭ উপহার দিয়েছেন। মূল্য? মাত্র ৯৫ লাখ রুপি (১ কোটি ১২ লাখ টাকা)! এমন ‘উপহার’ পেয়ে দারুণ খুশি জাদেজা। টুইটারে নতুন এই গাড়ি নিয়ে জাদেজা ও রীভার বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে।
আইপিএলের এ আসরে গুজরাট লায়নে খেলবেন জাদেজা। তবে তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠানের জন্য ছুটি নিয়েছেন নিশ্চয়। ছুটি অবশ্য পুরো দলকেই নিতে হবে—বিয়ের আগের দিন সতীর্থ ও বন্ধুদের নিয়ে পার্টি দেওয়ার কথা জাদেজার। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস