কোনো বল না খেলেই আউট? সম্ভব!

‘আউট হতে একটা বলই লাগে।’ ক্রিকেটের বহু পুরোনো আপ্তবাক্যগুলোর একটি। একজন ব্যাটসম্যান আউট হতে একটা বলই খেলেন বটে, কিন্তু কোনো বল না খেলেও কি আউট হওয়া যায়? এও কি সম্ভব?
অবশ্যই সম্ভব। আর এ ক্ষেত্রে সবচেয়ে টাটকা উদাহরণটা দেখা গেল গতকালই।
গতকাল ছিল সৌম্য সরকারের টি-টোয়েন্টি অভিষেক। অভিষেকেই শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু তার পরও রেকর্ড বইয়ে উঠে গেছে তাঁর নাম। সৌম্য যেকোনো বলই খেলেননি। প্রথম ওভারে মোহাম্মদ হাফিজের বলটা স্কয়ারে লেগে ঠেলেই দৌড় দিলেন তামিম ইকবাল। সাঈদ আজমলের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়লেন সৌম্য। বাঁ হাতি ওপেনার যখন ফিরছিলেন, স্কোরকার্ডে নামের পাশে চারটা শূন্য! রান-০, বল-০, চার-০, ছয়-০! একটা বলও না খেলেই আউট!
ব্যাটসম্যানদের এমন হতাশামাখা ফেরার একটা গালভরা নাম আছে ক্রিকেটে-ডায়মন্ড ডাক!
টি-টোয়েন্টিতে ডায়মন্ড ডাকের শিকার হয়েছেন মোট ২১ ব্যাটসম্যান। তবে সৌম্যর কালকের ‘অর্জন’টা এর আগে একজনেরই ছিল। টি-টোয়েন্টিতে অভিষেকে ডায়মন্ড ডাক মেরেছিলেন অ্যাশলি নফকে। ২০০৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো বল না খেলেই শূন্য রানে ফিরেছিলেন এ অস্ট্রেলীয় পেসার। নফকে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ানডে ব্যাট হাতে নামার সুযোগই মেলেনি। দুই টি-টোয়েন্টির একটিতে যাও বা মিলেছিল, কোনো বল না খেলেই আউট! হায় নফকে!
ক্রিকেটের ছোট দৈর্ঘ্যে এর আগে একজন বাংলাদেশিই ডায়মন্ড ডাক পেয়েছেন, নাসির হোসেন। ২০১৩ সালে বুলাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে। যাক, নাসির অন্তত একজন সঙ্গী তো পেলেন। সঙ্গী পেয়েছেন এনামুল হক জুনিয়রও। ওয়ানডেতে ডায়মন্ড ডাকে ১৩৪ বার ফিরতে দেখা গেছে ব্যাটসম্যানদের। এর মধ্যে আছেন সাতজন বাংলাদেশি। প্রথম ডায়মন্ড ডাক পেয়েছিলেন আকরাম খান। এরপর নাঈমুর রহমান, হাবিবুল বাশার, এনামুল জুনিয়র, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিক ও মুমিনুল হক। এনামুলেরটাও ছিল তাঁর অভিষেক ওয়ানডে। ওয়ানডে অভিষেকে ডায়মন্ড ডাক পেয়েছেন আর মাত্র চারজন।
টেস্টে এক সময়ে বলের হিসাব ঠিকমতো রাখা হতো না। ফলে টেস্টের ডায়মন্ড ডাকের সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন। তবে টেস্টে ১৬ বার ডায়মন্ড ডাকের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে দুবার ডায়মন্ড ডাকের শিকার ক্রিস মার্টিন। মার্টিন তো শূন্যের রাজা। আন্তর্জাতিক ক্রিকেটে যাঁর শূন্য রানের ইনিংসই আছে ৬৬টি! ভাবা যায়।
ওহ, ভালো কথা, টেস্টে সর্বশেষ ডায়মন্ড ডাকের শিকার পাকিস্তানের ইউনিস খান। প্রতিপক্ষ কে ছিল? বাংলাদেশ!